জবিতে খাবারের দাম কমানোর দাবিতে মানববন্ধন

জবি-১১জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট শাখার উদ্যোগে ক্যান্টিনে খাবারের দাম কমানো এবং বাসের ডাবল ট্রিপ চালুর দাবিতে মানববন্ধনের পালিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ মুক্তিযুদ্ধ ভাস্কর্যের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে শিক্ষার্থীদের পক্ষ থেকে আমরা ক্যান্টিনে খাবারের দাম কমানো ও মান বাড়ানোর কথা বলে আসছি।  এরপর প্রশাসন প্রগতিশীল ছাত্র সংগঠনগুলোর সঙ্গে ক্যান্টিন নিয়ে আলোচনায় বসে। তখন প্রগতিশীল ছাত্র সংগঠনগুলো প্রশাসনকে সব বিশ্ববিদ্যালয়ের খাবারের রেড চার্ট দেয়। এরপরেও ট্রেজারারের নেতৃত্বে গঠিত টিম ক্যান্টিনে খাবারের দাম কমানোসহ মান বাড়ানোর ব্যাপারে কোনও উদ্যোগ নেয়নি। তাই দ্রুত ক্যান্টিনে পর্যাপ্ত ভর্তুকিসহ ২০ টাকায় ডাল-ভাত-ডিমের ব্যবস্থা করতে হবে।

বক্তারা আরও বলেন, জবিতে আবাসন সুবিধা না থাকায় শিক্ষার্থীরা ঢাকার বিভিন্ন জায়গায় অবস্থান করছে। আর বিশ্ববিদ্যালয়ের পরিবহন সুবিধা ভোগ করতে পারে মাত্র ৭ ভাগ শিক্ষার্থী। অথচ গত ১০ বছরে শুধু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে পরিবহন খাতে ৮ কোটি টাকা আদায় করা হয়েছে। আর ভাড়া বাসের খরচ নিজস্ব বাসের চেয়ে আড়াইগুন বেশি হওয়ার পরও নিজস্ব বাস কেনার দাবি বারবার উপেক্ষিত হয়ে আসছে। তাই শিক্ষার্থীদের সুবিধার্থে বাসের ডাবল ট্রিপ চালু করা এখন সময়ের দাবি।

মানববন্ধনে বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেহেরাব আজাদের সভাপতিত্বে এবং স্কুল সম্পাদক সমিত ভৌমিকের পরিচালনায় সাধারণ সম্পাদক কিশোর কুমার সরকার ও অর্থ সম্পাদক প্রসেনজিৎ সরকার বক্তব্য রাখেন।