রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) অ্যানিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ২০১৮ শিক্ষাবর্ষে ভর্তিকৃত নতুন শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ জানুয়ারি) কৃষি অনুষদের সেমিনার রুমে অনুষ্ঠিত হয় অনুষ্ঠানটি। এতে সভাপতিত্ব করেন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ -উপাচার্য অধ্যাপক ড. মো. সেকেন্দার আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল হক বেগ, বাংলাদেশ পোল্ট্রি ইন্ড্রাট্রিজ কো -অর্ডিনেশন কমিটির সভাপতি মি. মশিউর রহমান, ওয়ার্ল্ডস পোল্ট্রি সায়েন্স অ্যাসোসিয়েশনের সভাপতি মি. শামসুল আহসান খালেদ।
এতে আরও উপস্থিত ছিলেন ড. মো. মোফাজ্জল হোসাইন, ড. মো.সাইফুল ইসলাম, ড. লাম ইয়া আসাদ, ড. উদয় কুমার মোহন্ত, মো.মহব্বত আলী, ডা. রাশেদুল ইসলাম, ডা. সাজেদা সুলতানাসহ শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীরা।
উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মদ বলেন, ‘অ্যানিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের শিক্ষার্থীরা উচ্চ শিক্ষা লাভ করে আমাদের দেশের প্রাণীজ আমিষ পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এজন্য আমরা এই অনুষদের প্রতি বেশি গুরুত্ব দিয়ে থাকি।'
অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমানে কৃষিবিদ বা ভেটেরিনারিয়ানদের মূল্যায়ন আগের চেয়ে অনেক বৃদ্ধি পেয়েছে। দেশের ক্রমবর্ধমান উন্নয়নে পোল্ট্রি শিল্পসহ সমগ্র কৃষি খাতের অবদান অনস্বীকার্য।