রাবিতে নবীন শিক্ষার্থীদের বরণ করেছে রাবিসাস

রাবিসাসের নবীন বরণরাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের নবীন শিক্ষার্থীদের বরণ করেছে রাবি সাংবাদিক সমিতি (রাবিসাস)। রবিবার বেলা ১১টায় সমিতির কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তাদের ফুল দিয়ে বরণ করা হয়।

রাবিসাসের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জাহিদের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি ড. প্রদীপ কুমার পাণ্ডে। অনুষ্ঠানে রাবিসাসের সভাপতি মুস্তাফিজ রনি সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সহ-সভাপতি রাশেদ রিন্টু।

অনুষ্ঠানে প্রভাষ কুমার কর্মকার বলেন, সাংবাদিকতা হলো রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। জাতির বিবেক হিসেবে তারা সুপ্রতিষ্ঠিত। তাদের লেখনীর মাধ্যমে জাতি তার স্বর্ণশিখরে পৌঁছাতে পারে। এজন্য সাংবাদিকতা হতে হবে বস্তুনিষ্ঠ। আর সাংবাদিকতা শেখার প্ল্যাটফর্ম হল ক্যাম্পাস সাংবাদিকতা। বুনিয়াদি প্রশিক্ষণ করে সাংবাদিকতা করা যায়, তবে ব্যবহারিক ও তাত্ত্বিক জ্ঞান অর্জন করার জন্য বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ভূমিকা গুরুত্বপূর্ণ।’

অনুষ্ঠানে তিন ক্যাটাগরিতে বার্ষিক পুরস্কার-২০১৭ প্রদান করা হয়।  অনুসন্ধানমূলক ক্যাটাগরিতে এনটিভি অনলাইনের রাবি সংবাদদাতা সাইফুল ইসলাম ও রাজশাহীর স্থানীয় দৈনিক বার্তার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মঈন উদ্দিন, ফিচার ক্যাটাগরিতে শাহীন আলম ও জিএ মিল্টন (আমাদের সময়) এবং ইংরেজি রিপোর্ট ক্যাটাগরিতে সুজন আলী (নিউএজ) পুরস্কার পান।