মহান মাতৃভাষা দিবস উপলক্ষে বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে (ইউল্যাব) ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। মোহাম্মদপুরের রামচন্দ্রপুর স্থায়ী ক্যাম্পাসে নির্মিত শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
ইউল্যাবের বোর্ড অব ট্রাস্টিজের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন বায়ান্নর ভাষা সৈনিক ও ইউল্যাবের এমিরেটাস অধ্যাপক রফিকুল ইসলাম এবং ইউল্যাব বোর্ড অব ট্রাস্টিজের বিশেষ উপদেষ্টা অধ্যাপক ইমরান রহমান। এরপর পর্যায়ক্রমে উপাচার্য, বিভিন্ন অনুষদ ও প্রশাসনিক অফিসের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এর আগে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নিরবতা পালন করা হয়। ইউল্যাবের ট্রেজারার অধ্যাপক ডঃ মিলন কুমার ভট্টাচার্য্য, রেজিস্ট্রার অধ্যাপক আখতার আহমেদসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-কর্মকর্তা, বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা এ সময় পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।