জবিতে মানসিক স্বাস্থ্য সচেতনতা নিয়ে র‍্যালি অনুষ্ঠিত

'সুস্থ মন সুখী জীবন' স্লোগান নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির আহ্বানে র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।
IMG_20180308_160949
 
বুহস্পতিবার (৮ মার্চ) বেলা ১২টায় ইউথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশের জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইউনিটের উদ্যোগে র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিটি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের মনোবিজ্ঞান বিভাগের সামনে থেকে শুরু হয়ে কলা অনুষদ প্রদক্ষিণ করে শহীদ মিনার হয়ে আবারও বিজ্ঞান অনুষদে এসে শেষ হয়। 
র‍্যালিতে অংশ নিয়ে জবি প্রক্টর ও মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. নুর মোহাম্মদ সাংবাদিকদের বলেন, আমাদের সুস্থ ও সুখী থাকার জন্য মানসিক স্বাস্থ্যের উপর গুরুত্ব দেওয়া উচিত। সে জন্য বেশি বেশি সচেতনতামূলক প্রচারণার আয়োজন করা দরকার।
আয়েজকরা বলেন, 'আমরা অনেক দিক থেকে এগিয়ে গেলেও পিছিয়ে আছি মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়ার বিষয়ে। যদি মানসিক স্বাস্থ্যের সুস্থতার বিষয়ে সবাইকে জানাতে পারি, তাহলে সে দিকটাও এগিয়ে যাবে।'  
এ সময় মানসিক চাপ নিয়ন্ত্রণে করনীয় ও নির্দেশনা সম্বলিত লিফলেট বিতরণ করেন আয়োজকরা। তার মধ্যে উল্লেখযোগ্য মানসিক চাপ নিয়ন্ত্রণে প্রকৃতির সঙ্গে সময় কাটানো, নিয়মিত বই পড়া, সময়কে সঠিকভাবে কাজে লাগানো, নিয়মিত গান শোনা, বন্ধুদের সঙ্গে সময় কাটানো, নিয়মিত ব্যায়াম করা, ইতিবাচক চিন্তা করাসহ আরও অনেক কিছু।
 
এ সময় র‍্যালিতে উপস্থিত ছিলেন জবি মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক কাজী নুর হোসেন, ফারজানা আহমদ, কিশোর রায়সহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থী।