‘যুক্তিতে জয়গান স্বাধীনতার, গাইবো মোরা মুক্তির গান’ এই স্লোগানকে সামনে রেখে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(নোবিপ্রবি) অনুষ্ঠিত হয়েছে স্বাধীনতা দিবস আন্তঃবিভাগ বিতর্ক উৎসব।
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে নোবিপ্রবি ডিবেটিং সোসাইটির উদ্যোগে আয়োজিত এই বিতর্ক উৎসবের চূড়ান্তপর্ব অনুষ্ঠিত হয় রবিবার সন্ধ্যায়। এতে বিজয়ী হয় ‘বিজিই ৭১’ এবং রানার্স আপ হয় ‘ফার্মেসী জাহাজি’। বিশ্ববিদ্যালয়ের বীর মুক্তিযোদ্ধা হাজী ইদ্রিস অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নোবিপ্রবি ডিবেটিং সোসাইটির সভাপতি মোবারক হোসেনের সভাপতিত্বে এবং নোবিপ্রবি ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক আহমাদ উল্লাহর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য ড. এম অহিদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবি ডিবেটিং সোসাইটির মডারেটর আফসানা মৌসুমি ও শিক্ষক সমিতির সাবেক সভাপতি ড. ইউসুফ মিঞা। এছাড়াও নোবিপ্রবি ডিবেটিং সোসাইটির এর সকল কমিটি মেম্বার ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ থেকে সর্বোমোট ৩২টি দল অংশ নেয়।
প্রসঙ্গত, গত ৮ মার্চ বিতর্কের এক কর্মশালার মধ্যদিয়ে এ বিতর্ক উৎসবের সূচনা হয় এবং পরবর্তীকালে বিভিন্ন ধাপ পেড়িয়ে এর সমাপ্তি ঘটে।