বুধবার সকাল ১০টায় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা চত্বরে অবস্থান নিয়ে স্লোগান শুরু করে মেইন গেটের দিকে অগ্রসর হয়। এসময় পুলিশ মেইন গেট বন্ধ করে দেয়। শিক্ষার্থীরা মেইন গেটের বেরিকেড ভেঙ্গে বেরিয়ে পড়ে ঢাকা-খুলনা মহাসড়ক এর দিকে অগ্রসর হতে থাকে। তিন বার পুলিশি বাধা প্রতিরোধ করে সামনের দিকে এগিয়ে যেতে থাকে তারা। এসময় বিপুল সংখ্যক পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট নিয়ে ঘোনাপাড়ায় এ্যাকশনের জন্য প্রস্তুত হয়। পরে শিক্ষার্থীরা ঢাকা-খুলনা মহাসড়ক দখলে নেয়।
মহাসড়কে অবস্থান নিয়ে আন্দোলনকারীরা নানা স্লোগান দেয়। বর্তমানে ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। ফলে মহাসড়কের দুই পাশে কয়েক কিলোমিটার অংশে যানজটের সৃষ্টি হয়েছে।
এসময় আন্দোলনরত শিক্ষার্থী অনন্যা রহমান বলেছেন, ‘কোটা সংস্কার না করা পর্যন্ত এবং মতিয়া চৌধুরীর বক্তব্য প্রত্যাহার না করা পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো।’ বিভিন্ন বিভাগের কয়েক হাজার শিক্ষার্থী এই সড়ক অবরোধে অংশ নিয়েছে।