ইবিতে কোটার প্রজ্ঞাপনের দাবিতে অবস্থান কর্মসূচী, ক্লাস-পরীক্ষা বর্জন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোটা বাতিলের ঘোষণাকে প্রজ্ঞাপন আকারে প্রকাশের দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ক্লাস-পরীক্ষা বর্জন ও অবস্থান কর্মসূচী পালন করেছে সাধারণ শিক্ষার্থীরা। বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ব্যানারে সোমবার (১৪ মে) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করে মেইন গেটে অবস্থান নেয় তারা। একই সঙ্গে সকাল ১১টা থেকে ক্লাস বর্জন কর্মসূচীও পালন করে। আন্দোলনকারী শিক্ষার্থীদের সূত্রে জানা যায়,কোটা বাতিলের ঘোষণা প্রজ্ঞাপন আকারে প্রকাশের দাবিতে সোমবার বিক্ষোভ মিছিল করেছে তারা। বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বর থেকে এ মিছিল শুরু হয়। এরপর ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ও অনুষদ প্রদক্ষিণ করে মিছিলটি মেইন গেট সংলগ্ন মৃত্যুঞ্জয়ী মুজিবের পাদদেশে গেলে পুলিশের বাধার মুখে পড়ে। এরপর তারা পুলিশের বাধাকে উপেক্ষা করে মেইন গেট পেরিয়ে কুষ্টিয়া-খুলনা মহাসড়কের পাশে অবস্থান নেয়।

20180514_114007
পরে এক সংক্ষিপ্ত সমাবেশ শেষে আন্দোলনকারীরা আগামীতে যেকোনো কর্মসূচী বাস্তবায়নের প্রতিজ্ঞা নিয়ে কর্মসূচীর সমাপ্তি ঘোষণা করেন।
প্রসঙ্গত,গত ১১ এপ্রিল জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা পদ্ধতি বাতিলের ঘোষণা দেন। এরপর এখনও পর্যন্ত এ ব্যাপারে কোনও প্রজ্ঞাপন জারি না হওয়ায় গতকাল রবিবার সারাদেশে সকল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে সোমবার (১৪ মে) থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট পালনের ঘোষণা দেয় বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ।