কৃষি সেক্টরের উদ্ভাবনী ক্ষমতার দক্ষতা বৃদ্ধিতে সংলাপ

কৃষি সেক্টরের উদ্ভাবনী ক্ষমতার দক্ষতা বৃদ্ধিতে সংলাপ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ প্রকল্পের আওতায় মৎস্যক্ষেত্রে সরকারের বর্তমান নীতি (পলিসি) এবং সেগুলোর সঠিক বাস্তবায়নের জন্য মৎস্য খামারি ও চাষি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষক,জেলা প্রশাসন ও জনপ্রতিনিধি এবং স্থায়ীয় সুধী সমাজের মধ্যে এ সংলাপের আয়োজন করা হয়।

FAO & BARC program pic-2
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্যাম্পাসের পার্শ্ববর্তী দিঘারকান্দা এলাকায় অবস্থিত আসপাডা প্রশিক্ষণ একাডেমিতে বৃহস্পতিবার (২৮ জুন) সকাল ১০টায় এ আঞ্চলিক নীতি সংলাপ অনুষ্ঠিত হয়। সংলাপে মাছের উৎপাদন খরচ ও খাদ্য নিয়ন্ত্রণ,বিদ্যুতের উচ্চমূল্য,মৎস্য চাষিদের ব্যাংক ঋণ পাওয়ার ক্ষেত্রেপ্রতিবন্ধকতা, মৎস্য অধিদপ্তরের জনবলের অভাব ও মাছ প্রক্রিয়াজাত বিষয়ে সরকারের নীতির বিভিন্ন দিক ও করণীয় সম্পর্কে আলোচনা করা হয়।
মৎস্য খামারি ও চাষিদের এসব সমস্যা ও চাহিদার বিষয়গুলো সংসদীয় স্থায়ী কমিটির সভায় প্রস্তাব করবেন বলে জানান জাতিসংঘের কৃষি ও খাদ্য সংস্থা এবং বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের আঞ্চলিক নীতি সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথি নেত্রকোনা-৩ আসনের সাংসদ ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু।
সংলাপ পরিচালনা এবং মৎস্যক্ষেত্রের বিভিন্ন নীতি ও পরিকল্পনা উপস্থাপন করেন কৃষি ও খাদ্য সংস্থার প্রকল্প ব্যবস্থাপক নাসরীন সুলতানা এবং বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মশিউর রহমান। আঞ্চলিক নীতি সংলাপ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক রেজাউল করিম এবং বাংলাদেশ ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক মনি সংকর কুণ্ডু উপস্থিত ছিলেন। সংলাপে ময়মনসিংহ অঞ্চলের অর্ধশতাধিক মৎস্য খামারি ও চাষি,পোনা ও মাছের খাদ্য উৎপাদনকারী বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক ও কর্মকর্তা এবং স্থানীয় জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন।