ইউএপিতে ফার্মা ফিয়েস্তা

IMG_5502বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে অনুষ্ঠিত হলো দিনব্যাপী ‘ফার্মা ফিয়েস্তা’। বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ফার্মা সাইন্স ক্লাবের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য জাতীয় অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে ছিলেন ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মনজুর আহমেদ চৌধুরী, কোষাধ্যক্ষ ইশফাক এলাহী চৌধুরী, ফার্মেসি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মহিউদ্দিন আহমেদ ভূঁইয়া এবং দেশের শীর্ষস্থানীয় ঔষধ কোম্পানীর কর্মকর্তাবৃন্দ।

দিনব্যাপী এই অনুষ্ঠানে মোট তিনটি বিভাগে (ফার্মা অলিম্পিয়াড, পোস্টার প্রেজেন্টেশন এবং স্টল এক্সিবিশন) প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পনেরটি বিশ্ববিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থী এই  প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।

ফার্মা অলেম্পিয়াডে প্রথম স্থান অর্জন করে বিজয়ী হয় ব্র্যাক ইউনিভার্সিটি, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জন করে যথাক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক। পোস্টার প্রেজেন্টেশনের তিনটি পুরস্কারই অর্জন করে নর্থ সাউথ ইউনিভার্সিটি।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী বলেন,  ফার্মা ফিয়েস্তার মতো আয়োজনে শিক্ষার্থীদের কাছ থেকে নতুন নতুন ধারণা বের হয়ে আসে। যার ফলে জনসচেতনতা বৃদ্ধি পায় এবং শিক্ষার্থীরা গবেষণার প্রতি আরও অনুপ্রাণিত হয়।

অনুষ্ঠানের আয়োজন সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের ফার্মা সায়েন্স ক্লাবের আহ্বায়ক প্রভাষক কানিজ আফরোজ তন্বী বাংলা ট্রিবিউনকে জানান, সরকারি-বেসরকারি সব বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের শিক্ষার্থীদেরকে এক ছাদের নিচে নিয়ে আসা এবং নিজেদের সক্ষমতা যাচাই করাই এই আয়োজনের প্রধান উদ্দেশ্য।

ফার্মেসি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মহিউদ্দিন আহমেদ ভূঁইয়া বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।