নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনে শাবির শিক্ষার্থীরা

নিরাপদ সড়কের দাবিতে ও বিভিন্ন স্কুল-কলেজের আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে আন্দোলনে নেমেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) সাধারণ শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ে প্রধান ফটকে দ্বিতীয় দিনের মতো মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করে তারা।
IMG_20180802_124136
 
বৃহস্পতিবার (২ আগস্ট) দুপুর ১২ টায় সম্মিলিত সাংস্কৃতিক জোটের ব্যানারে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান করে সাধারণ শিক্ষার্থীরা। এসময় মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে ব্যানার, ফেস্টুন ও নানা ধরনের স্লোগান সম্বলিত প্লাকার্ড দেখা যায়। এর আগে বুধবার (১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনের সড়কে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে সাধারণ শিক্ষার্থীরা।
 
প্রধান ফটকে এক ঘন্টা অবস্থান করে আন্দোলনকারী শিক্ষার্থীদের একটি বিক্ষোভ মিছিল সিলেট নগরীর মদিনা মার্কেট এলাকা প্রদক্ষিণ করে বৃষ্টি উপেক্ষা করে একই স্থানে ফিরে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সমন্বয়ক জুয়েল রানার সঞ্চালনায় সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে শাবির সংগঠন সাস্ট অ্যারেনার সাবেক সাধারণ সম্পাদক খৈরুম কামেশ্বর, সংগঠনের বর্তমান সভাপতি রিফাত হায়দার, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সদস্য তৌহিদুজ্জামান জুয়েল, সাস্ট এসডি এর সাবেক সাধারণ সম্পাদক আদনান শাহ, চোখফিল্মের সভাপতি তুহিন ত্রিপুরা বক্তব্য রাখেন।

বক্তব্যে তারা নিরাপদ সড়ক ব্যবস্থা তৈরি করতে সরকারের দ্রুত পদক্ষেপ কামনা করেন। সেই সাথে শিক্ষার্থীদের বেধে দেওয়া নয় দফা দাবি মেনে নেওয়ার আহবান জানান। এসময় নৌমন্ত্রী শাজাহান খানের বিভ্রান্তিমূলক বক্তব্য প্রত্যাহার করে শিক্ষার্থীদের নিকট ক্ষমা চেয়ে তার পদত্যাগ দাবি করা হয়। আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার তীব্র প্রতিবাদ জানানো হয়।

গত রবিবার (২৯ জুলাই) রাজধানীর এয়ারপোর্ট সড়কে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে জাবালে নূর পরিবহনের বাসের চাপায় দিয়া খানম মিম ও আবদুল করিম রাজিব নামে শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী নিহত হন। এরপর থেকেই সারাদেশে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন করে আসছে বিভিন্ন স্কুল কলেজের সাধারণ শিক্ষার্থীরা।