বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কার্যক্রম শুরুর প্রায় এক যুগ পর আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (নোবিপ্রবিসাস)। বৃহস্পতিবার (২ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের পার্ক ক্যান্টিনে অনুষ্ঠিত এক সাধারণ সভায় বিভিন্ন জাতীয় দৈনিক ও অনলাইন পোর্টালে কর্মরত ক্যাম্পাস সাংবাদিকবৃন্দের মনোনয়নের ভিত্তিতে ৬ মাসের জন্য ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
অনুভূতি প্রকাশ করতে গিয়ে সভাপতি ও সম্পাদক বলেন, 'সাংবাদিকরা সমাজের আয়না। আমরা আশাকরি সেই মর্যাদা রক্ষা করে এবং হলুদ সাংবাদিকতা পরিহার করে সত্য প্রচারে নিজের সাধ্যমত চেষ্টা করব।’
এদিকে নবগঠিত এই কমিটিকে অভিনন্দন জানিয়েছেন উপাচার্য ড. এম অহিদুজ্জামান, উপ-উপাচার্য ড. আবুল হোসেন, রেজিস্ট্রার প্রফেসর মো. মমিনুল হক, শিক্ষক সমিতির সভাপতি ড. আব্দুল্লাহ আল মামুন, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক জনাব গোলাম মোস্তফা, জনসংযোগ দপ্তরের পরিচালক ড. চন্দন আনোয়ার, জনসংযোগ কর্মকর্তা জনাব ইফতেখার রাজু, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ, নোয়াখালী প্রেসক্লাব, শাবিপ্রবি প্রেস ক্লাব, কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব, হাবিপ্রবি সাংবাদিক সমিতিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।