জাবি শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জন

 

ju photo 05.08.18 (1)রাজধানীর জিগাতলায় শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ এবং নিরাপদ সড়কের দাবিতে সর্বাত্মক ছাত্র ধর্মঘট পালন করছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 

পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রবিবার সকাল থেকে বিভিন্ন বিভাগের ক্লাস-পরীক্ষা বন্ধ রয়েছে। শিক্ষার্থীদের অবরোধের মুখে বন্ধ রয়েছে বিশ্ববিদ্যালয়ের যান চলাচলও। 

বেলা সাড়ে ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশ থেকে বিক্ষোভ মিছিল বের করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের কর্মসূচিতে সংহতি জানিয়ে বেশ কয়েকজন শিক্ষকও মিছিলে অংশগ্রহণও করেন।

সহস্রাধিক শিক্ষার্থীর অংশগ্রহণের মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থান ঘুরে ঢাকা-আরিচা মহাসড়কে যায়। পরে মহাসড়ক ঘুরে আবার শহীদ মিনারের পাদদেশে এসে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে শেষ হয়।

এর আগে গতকাল শনিবার রাজধানীতে হামলার প্রতিবাদে সন্ধ্যায় শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে। ওই মিছিল থেকে ছাত্র ধর্মঘটের ডাক দেওয়া হয়।