জাককানইবিতে ছায়াছবি উৎসব শুরু ২৯ অক্টোবর

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের উদ্যোগে আগামী ২৯-৩১ অক্টোবর পর্যন্ত প্রথমবারের মতো উদযাপিত হবে ছায়াছবি উৎসব ২০১৮। আজ (২ অক্টোবর) বেলা ১২টায় উৎসবের আয়োজন নিয়ে বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ল্যাব রুমে বিভাগটির প্রধান তুহিন অবন্ত এক সংবাদ সম্মেলন করেন।
fms press

ছায়াছবি উৎসবটি ২৯ অক্টোবর সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স কক্ষে উদ্বোধন করবেন চলচ্চিত্র পরিচালক মোর্শেদুল ইসলাম। এ অনুষ্ঠানে প্রধান অতিথি  থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান। এছাড়াও উৎসবের তিন দিনব্যাপী বিভিন্ন চলচ্চিত্র ব্যক্তিত্ব উপস্থিত থাকবেন। এরমধ্যে রয়েছেন চলচ্চিত্রকার আমজাদ হোসেন, চিত্রনায়ক ফারুক, গণমাধ্যম ব্যক্তিত্ব ম হামিদ, চলচ্চিত্রকার মোস্তফা সরয়ার ফারুকী, অমিতাভ রেজা, গাজী রাকায়েত, গবেষক অনুপম হায়াৎ প্রমুখ। তারা শিক্ষার্থীদের সঙ্গে চলচ্চিত্রের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন।

আগামী ১০ অক্টোবর ২০১৮-এর মধ্যে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাতারা এই উৎসবে নিজের তৈরি চলচ্চিত্র জমা দিতে পারবে। সংবাদ সম্মেলনে শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন ফিল্ম অ্যান্ড মিডিয়া বিভাগের প্রভাষক, মিডিয়া ব্যক্তিত্ব মনোজ কুমার প্রামাণিক।