ইবির বঙ্গবন্ধু চেয়ারের দায়িত্বে অধ্যাপক শামসুজ্জামান খান

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বঙ্গবন্ধু চেয়ারের অধ্যাপক হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জান খান। বঙ্গবন্ধু চেয়ারের গঠনতন্ত্র অনুযায়ী আগামী ২ বছরের জন্য তাকে এই পদে মনোনীত করা হয়। সোমবার (১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ২৪২তম সিন্ডিকেট সভায় এ সংক্রান্ত সিদ্ধান্ত গৃহীত হয়। মঙ্গলবার (২ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ বিষয়টি নিশ্চিত করেছেন।

অধ্যাপক শামসুজ্জান খানগত বছরের ২০ জুলাই বিশ্ববিদ্যালয়ের ২৩৫তম সিন্ডিকেট সভায় বঙ্গবন্ধু চেয়ার সংক্রান্ত একটি নীতিমালা অনুমোদিত হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে পঠন-পাঠন ও উচ্চতর গবেষণার লক্ষ্যে ওই চেয়ারে অধ্যাপক নিয়োগের জন্য গত ১৯ মে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। আবেদনের ভিত্তিতে অধ্যাপক শামসুজ্জামান খানকে মনোনীত করেন সিন্ডিকেট। বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধীনে এর কার্যক্রম পরিচালিত হবে বলে জানা গেছে।

এ বিষয়ে অধ্যাপক শামসুজ্জামান খান বলেন, ‘ইসলামী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাকে যে সম্মান প্রদান করেছে আমি তা নিষ্ঠার সঙ্গে পালন করব এবং বঙ্গবন্ধুকে নিয়ে উচ্চতর গবেষণার মাধ্যমে সত্যিকারের বঙ্গবন্ধুকে তরুণ সমাজের মাঝে তুলে ধরার চেষ্টা করব।’

উল্লেখ্য, অধ্যাপক শামসুজ্জামানের জন্ম মানিকগঞ্জ জেলায় ১৯৪০ সালে। তিনি বাংলাদেশ জাতীয় জাদুঘর, বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দায়িত্ব পালন করেছেন এবং ২০০৯ সাল থেকে বাংলা একাডেমির মহাপরিচালকের দায়িত্ব পালন করে আসছেন। বঙ্গবন্ধুর ওপর তার গবেষণাধর্মী পাঁচটি গ্রন্থ রয়েছে। এছাড়া শিল্প সাহিত্য ও সংস্কৃতির নানা বিষয়ে তার রচিত ও সম্পাদিত গ্রন্থ প্রায় শতাধিক। তিনি একুশে পদকসহ নানা পদকে ভূষিত হয়েছেন।

এদিকে বিশ্ববিদ্যালয়ের ২৪২তম সিন্ডিকেট সভায় বেশ কয়েকটি সিদ্ধান্ত গৃহীত হয়। এগুলোর মধ্যে ছিল শিক্ষক-কর্মকর্তাদের পদোন্নতি বোর্ড অনুমোদন, সান্ধ্যকালীন কোর্স বাতিল ও কয়েকটি তদন্ত কমিটির প্রতিবেদন পর্যালোচনা। এতে নিয়োগ বাণিজ্যের অডিও ফাঁসের ঘটনায় জড়িত দুই শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়।