জাবিতে ড্রয়িং শিখতে গিয়ে যৌন হয়রানির শিকার ভর্তিচ্ছু

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের এক ছাত্রের কাছে ড্রয়িং শিখতে গিয়ে যৌন হয়রানির শিকার হয়েছেন ওই বিভাগে ভর্তিচ্ছু এক ছাত্রী। ২৯ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ভবনের দোতলায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত চারুকলা বিভাগের ৪৫তম আবর্তনের ছাত্র নাসিম ঐশ্বর্য যৌন হয়রানির দায় শিকার করেছেন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
এদিকে বুধবার (৩১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে দেওয়া এক লিখিত অভিযোগে তার শাস্তি দাবি করেছেন ভুক্তভোগী ছাত্রী। অভিযুক্তের সহপাঠীরাও তার বিচার দাবি করে লিখিত অভিযোগ দিয়েছেন।
জানা যায়, ২০১৮-১৯ শিক্ষাবর্ষে চারুকলা বিভাগের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন ভুক্তভোগী ছাত্রী। আসন্ন ব্যবহারিক পরীক্ষার প্রস্তুতির জন্য ড্রয়িং শিখতে তার এক আত্মীয় নাসিম ঐশ্বর্যকে ঠিক করে দিয়েছিল। 
লিখিত অভিযোগ থেকে জানা যায়, ড্রয়িং শিখতে ২৯ অক্টোবর ওই ছাত্রী ক্যাম্পাসে যান। ড্রয়িং শেখানোর কথা বলে নাসিম তাকে বিভিন্ন জায়গায় নিয়ে যায়। এক সময় সে ওই ভর্তিচ্ছুকে নিয়ে শারীরিক শিক্ষা ভবনের দোতলায় ওঠে। সেখানে স্পর্শকাতর অঙ্গের চিত্র আঁকতে বলাসহ নানাভাবে হয়রানি করতে থাকে নাসিম। এমন পরিস্থিতিতে ঘটনাস্থল ত্যাগ করে ওই ছাত্রী।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে নাসিম ঐশ্বর্য বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি ঘটনার দায় স্বীকার করে নিচ্ছি। আমি তখন মানসিকভাবে দুর্বল ছিলাম। আমি এর জন্য অনুতপ্ত, লজ্জ্বিত এবং ক্ষমাপ্রার্থী।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিকদার মোঃ জুলকারনাইন বলেন, ‘ভর্তিচ্ছু ছাত্রীর লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব। পাশাপাশি ওই ছাত্রী চাইলে রাষ্ট্রীয় আইনের আশ্রয়ও নিতে পারেন।’