ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের সপ্তদশ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

দুই দিনব্যাপী (জানুয়ারি ২৭-২৮) বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সপ্তদশ প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব শেষ হয়েছে আশুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ও ‘ফাউন্ডেশন ডে স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন গ্লোবাল এন্ট্রাপ্রেনারশিপ নেটওয়ার্কের প্রতিষ্ঠাতা ও সভাপতি ড’ জোনাথান ওর্থম্যান। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মোহাম্মদ সবুর খানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইউসুফ এম ইসলাম ও উপ-উপাচার্য  প্রফেসর ড. এস এম মাহাবুবুল হক মজুমদার, ট্রেজারার হামিদুল হক খান, বাণিজ্য ও অর্থনীতি অনুষদের ডিন প্রফেসর ড. মাসুম ইকবাল, প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর এম সামছুল আলম, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর এ এম এম হামিদুর রহমান, রেজিস্ট্রার প্রফেসর ড. প্রকৌশলী এ কে এম ফজলুল হক ও ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক ও ডিন (স্থায়ী ক্যাম্পাস) প্রফেসর ড. মোস্তফা কামাল।

7F9A3545
আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানমালার মধ্যে ছিল বাস র‍্যালি, আলোচনা অনুষ্ঠান, বৃক্ষরোপণ, বনভোজন, পিঠা উৎসব, প্রদর্শনী, সেলিব্রেটি শো, খেলা, ফান ইভেন্টস এবং র‌্যাফেল ড্র। এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর সাংস্কৃতিক অনুষ্ঠানটি সদ্য প্রয়াত সংগীতজ্ঞ ও মুক্তিযোদ্ধা আহমেদ ইমতিয়াজ বুলবুল ও তরুণ প্রজন্মের প্রেরণা কিংবদন্তী সংগীতশিল্পী আইয়ুব বাচ্চুকে উৎসর্গ করা হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তিরিশ হাজার কণ্ঠে শতাধিক ভায়োলিনের সুরের মূর্ছনায় পরিবেশন করে তাদের কালজয়ী গান। অনুষ্ঠান উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসকে সাজানো হয় বর্ণিল সাজে। আঠারো হাজার শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তাসহ ৩৫০টি বাসের র‌্যালি  মানিক মিয়া এভিনিউ থেকে সকাল ৭টায়  আশুলিয়ার স্থায়ী ক্যাম্পাসে এসে মিলিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে ‘ফাউন্ডেশন ডে স্পিকার গ্লোবাল এন্ট্রাপ্রেনারশিপ নেটওয়ার্কের প্রতিষ্ঠাতা ও সভাপতি ড’ জোনাথান ওর্থম্যান বলেন, ‘বাংলাদেশ এখন তরুণদের দেশ। এই দেশের মোট জনসংখ্যার অর্ধেকের বেশি এখন তরুণ। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এসে এই তারুণ্যের শক্তি টের পাচ্ছি। ইতোমধ্যে আমি জেনেছি, বাংলাদেশের অনেক তরুণ উদ্যোক্তা হিসেবে সফল হচ্ছে এবং বিপুল সংখ্যক তরুণ উদ্যোক্তা হতে আগ্রহী। সন্দেহ নেই, এই তরুণরাই দেশটাকে বদলে দেবে।’

সভাপতির বক্তব্যে ড. মো. সবুর খান বলেন, ‘নিজের ক্যারিয়ারের উন্নয়নের জন্য নিজের দক্ষতা বাড়ানোর বিকল্প নেই। তরুণদেরকে তাই ছাত্রাবস্থাতেই পড়াশোনার পাশাপাশি বিভিন্ন বিষয়ে নিজের দক্ষতা তৈরি করতে হবে। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে অসংখ্য কাজ করে থাকে।’