একুশে পদক পাচ্ছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

Wahid JKKNIU RUB VC EKUSHE PODOK_06.02.19 PICরবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. বিশ্বজিৎ ঘোষ কে একুশে পদক ২০১৯ এ সম্মানিত করা হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক, খ্যাতিমান এই শিক্ষাবিদ গবেষণায় বিশেষ অবদান রাখায় দেশের জাতীয় এবং দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক এ পুরস্কারে ভূষিত হচ্ছেন।
বুধবার (৬ ফেব্রুয়ারি) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. ফয়জুর রহমান ফারুকী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে পদকপ্রাপ্তদের তালিকা প্রকাশ করা হয়েছে। সেখানে জানানো হয়, আগামী ২১ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেষ হাসিনা এই পদক প্রদান করবেন। এদিন বিকাল ৪টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠানটি হবে।
পদকপ্রাপ্ত প্রত্যেককে ১৮ ক্যারেট সোনার তৈরি ৩৫ গ্রাম ওজনের একটি পদক,  দুই লাখ টাকা, একটি সম্মাননাপত্র এবং একটি রেপ্লিকা দেওয়া হবে।
প্রাবন্ধিক ও গবেষক ড. বিশ্বজিৎ ঘোষের জন্ম ৮ এপ্রিল, ১৯৫৮ সালে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক হিসেবে নিয়োজিত ছিলেন দীর্ঘদিন। বিশ্বসাহিত্য, সমালোচনা ও গবেষণামূলক অনেক গ্রন্থ রয়েছে তার। ‘বুদ্ধদেব বসুর উপন্যাসে নৈঃসঙ্গচেতনার রূপায়ণ’ বিষয়ে গবেষণার জন্য ১৯৯৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন তিনি।