সমাবেশে বক্তারা ভোট ডাকাতি, আগের রাতে ব্যালটে সিল মারা, কয়েকজন প্রার্থীকে মারধরের অভিযোগ তুলে পুনরায় তফসিল ঘোষণা এবং নির্বাচন দেওয়ার দাবি জানান।
সমাবেশে বাংলাদেশ ছাত্রফ্রন্ট (মার্ক্সবাদী) জাবি শাখার সাধারণ সম্পাদক মাহাথির মোহাম্মদ বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে তামাশার নির্বাচন হয়েছে। ছাত্রসমাজ এই প্রহসনের নির্বাচন মেনে নেবে না। অবিলম্বে এই নির্বাচন বাতিল ঘোষণা করে পুনরায় নির্বাচন দিতে হবে।’
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাবি সংসদের কার্যকরী সদস্য মিখা পিরেগু বলেন, ‘ডাকসুতে কলঙ্কিত নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ জন্মের গৌরবোজ্জ্বল ইতিহাসকে গলা টিপে হত্যা করা হয়েছে।’
জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের প্রচার ও প্রকাশনা সম্পাদক মারুফ বিন মোজাম্মেল বলেন, ‘ডাকসু নির্বাচন ছাত্রদের অধিকার আদায়ের নির্বাচন ছিল। যারা শিক্ষার্থীদের অধিকার আদায়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন তারাই আজ শিক্ষার্থীদের ভোটের অধিকার কেড়ে নিলেন।’
সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ জাবি শাখার আহ্বায়ক শাকিল-উজ-জামান, শাখা ছাত্র ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক শোভন রহমান প্রমুখ।