প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধনপ্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের ভবনে অগ্নিনির্বাপক ব্যবস্থা জোরদার করার দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। গত বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার রাজধানীর বনানীর ১৭ নম্বর রোডে (কামাল আতাতুর্ক এভিনিউ) অবস্থিত এফ আর টাওয়ারের কাছেই বেসরকারি প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের ভবন। এফ আর টাওয়ারের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা খুব কাছে থেকেই প্রত্যক্ষ করেছেন এই বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী। তাই নিজেদের ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করতে এই পাঁচদফা দাবি নিয়ে এফ আর টাওয়ারের পেছনের সড়কে প্রাইমএশিয়া ক্যাম্পাসের সামনের সড়কে অবস্থান নেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবিগুলো হচ্ছে- বিশ্ববিদ্যালয়ের অগ্নিনির্বাপক সকল ধরনের উন্নত সরঞ্জাম সুনিশ্চিত করা। ফায়ার অ্যালার্ম সিস্টেম এবং জরুরি বহির্গমন পথের সুব্যবস্থা সুনিশ্চিত করা। সিকিউরিটিতে নিয়োজিত সকল কর্মকর্তা এবং সকল পরিচ্ছন্নতা কর্মীদের অগ্নিনির্বাপণ বিষয়ক সকল প্রকার ব্যবহারিক প্রশিক্ষণের ব্যবস্থা করা। অতি শীঘ্রই স্থায়ী ক্যাম্পাস এবং এর নকশা ও বাজেট এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করা। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে নূন্যতম চারটি বাসের ব্যবস্থা করা।
এসময় নিজেদের দাবির পক্ষে স্লোগান দেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয়টির প্রক্টর, সহযোগী অধ্যাপক ড. শিকদার মোঃ আনোয়ারুল ইসলাম আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলেন৷ তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন যে আগুন নির্বাপক ব্যবস্থা নিয়ে যে দাবি জানানো হয়েছে তা নিয়ে মিটিং হয়েছে। শীঘ্রই এর সমাধান হবে। স্থায়ী ক্যাম্পাস সম্পর্কে তিনি শিক্ষার্থীদের সাথে একাত্মতা প্রকাশ করেন৷ এ সময় শিক্ষার্থীরা বাসের দাবি জানালে তিনি বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যদি বাসের প্রয়োজন মনে করেন তাহলে তা দেওয়া হবে। পরে তিনি আন্দোলনরত শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানান৷ প্রক্টরের আশ্বাসে আন্দোলন স্থগিত করে শিক্ষার্থীরা ক্লাসে ফিরে যান।