সিআইইউ ক্যাম্পাসের অডিটোরিয়ামে কমপিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ এই সেমিনারের আয়োজন করে।
এই সময় বিজ্ঞানমনস্ক শিক্ষার্থী, ইন্টারনেট পটু, ফেসবুকে সক্রিয় ছাত্র-ছাত্রী ও সিআইইউর স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সাধারণ সম্পাদক মুনির হাসান বলেন, যুগের পরিবর্তনের সঙ্গে ইন্টারনেটের ব্যবহারও বাড়ছে। আর তাতেই আরও সহজ হয়ে যাচ্ছে পুরো পৃথিবী।
তিনি আরও বলেন, আগামী দিনগুলোতে আমাদের শিক্ষার্থীদের আরও চৌকষ হতে হবে। মুখস্থ পড়ার বাইরে সৃষ্টিশীল কাজে নিজেদের মেধার বিকাশ ঘটাতে হবে। তাদের সবাইকে হতে হবে প্রবলেম সলভার বা সমাধানকারী।
অনুষ্ঠানে মুনির হাসান ইন্টারনেটকে কাজে লাগিয়ে বস্তুগত বিষয়গুলোর নতুন ব্যবহারের চমৎকার উদাহরণ উপস্থাপন করেন।
সভাপতির বক্তব্যে কমপিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারি অধ্যাপক আতিকুর রহমান বলেন, ধারণাটি নতুন। ঘরে থাকা বস্তুগুলোর সঙ্গে যদি প্রযুক্তির সংযোগ ঘটে তাহলে ব্যাপারটি দারুণ কিছু হয়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন সহযোগী অধ্যাপক ড. আসিফ ইকবাল। পরে প্রধান বক্তা মুনির হাসানের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।