সকাল ১০টায় উপাচার্য অধ্যাপক ড মীজানুর রহমানের নেতৃত্বে মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয় বর্ষবরণ উৎসব। বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি সদরঘাট লঞ্চ টার্মিনাল, ওয়াইজ ঘাট, আহসান মঞ্জিল, মুন কমপ্লেক্স, পাটুয়াটুলী, বাটা ক্রসিং শেষে আবারো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসে শেষ হয়।
মঙ্গল শোভাযাত্রায় পোগোজ ল্যাবরেটরি স্কুলের শিক্ষক-শিক্ষার্থী, পুরান ঢাকার বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিগণ ও সাংস্কৃতিক সংগঠনসমূহও অংশ নেয়।
এবছর মঙ্গল শোভাযাত্রার মূল প্রতিপাদ্য ছিল নদী। নদীর বিভিন্ন অনুষঙ্গ হিসেবে শোভাযাত্রায় শোভা পায় ময়ূরপঙ্খী নৌকা, বাইচ নৌকা, শুশুক, বিশাল ইলিশ মাছ। মুখোশের পরিবর্তে বিভিন্ন প্রকারের মাছের প্রতিকৃতি ব্যবহার করা হয়।
শোভাযাত্রা শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়াম এ আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে জবি উপাচার্য বলেন, বাংলাদেশ একটি নাম যার পিতা বঙ্গবন্ধু, যার মাতা নদী। এদেশের ঠিকানা, পদ্মা মেঘনা যমুনা। আমরা এবার মঙ্গল শোভাযাত্রায় আমাদের স্লোগান রেখেছি, ‘নদী বাঁচলে বাঁচবে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’। আমরা বাঙালিত্ব ধারণ করে আমাদের সংস্কৃতিকে সমৃদ্ধ করার দৃঢ় প্রত্যয় নিয়ে এগিয়ে যাচ্ছি।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ট্রেজারার অধ্যাপক সেলিম ভূঁইয়া, শিক্ষক সমিতির সভাপতি দিপীকা রাণী সরকার, সাধারণ সম্পদক ড নূর মোহাম্মদ প্রমূখ।
বর্ষবরণ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে প্রাঙ্গনে মেলার আয়োজন করা হয়েছে। মেলা উপলক্ষে ক্যাম্পাসে ভিড় জমিয়েছে জবির আশেপাশের বিভিন্ন শিক্ষার্থী ও পুরান ঢাকাবাসী। মেলায় বিভিন্ন প্রকার দেশীয় পণ্যসামগ্রী ও পিঠা বিক্রি করা হচ্ছে। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের নিচতলায় ‘প্রকাশনা প্রদর্শনী’চলছে।