ইসলামী বিশ্ববিদ্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে শোকসভা করেছে হল শাখা ছাত্রলীগ। শনিবার (৩ আগস্ট) সন্ধ্যায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ছাত্রলীগের আয়োজনে হলের টিভি রুমে সভাটি অনুষ্ঠিত হয়।
জানা যায়, শোকাবহ আগস্ট উপলক্ষে ইবি ছাত্রলীগের মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এই শোকসভার আয়োজন করা হয়। শাখা ছাত্রলীগের সভাপতি রবিউল ইসলাম পলাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাকিরুল ইসলাম রাকিবের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী।
বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, ট্রেজারার অধ্যাপক ড. সেলিম তোহা, প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মাহবুবর রহমান এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল প্রভোস্ট তপন কুমার জোয়ার্দ্দার। এছাড়াও হলের আবাসিক শিক্ষক শরিফুল ইসলাম জুয়েলসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, প্রেসক্লাব সভাপতি ফেরদাউসুর রহমান সোহাগ, ছাত্রলীগনেতা শাহাদাৎ হোসেন নিশান, রিজওয়ান, সাগরসহ অন্যান্য নেতাকর্মীরা।
সভায় বক্তারা ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালো রাতে বঙ্গবন্ধুসহ নিহত পরিবারের সকল সদস্যদের শ্রদ্ধার সাথে স্মরণ করেন। নৃশংসভাবে হত্যাকারী ঘাতক ও তাদের পৃষ্টপোষকদের প্রতি ঘৃণা জ্ঞাপন করেন। সেই সাথে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত যাদের শাস্তি এখনও কার্যকর করা হয়নি, তাদের দেশে ফিরিয়ে এনে দ্রুত সাজা কার্যকরের দাবি জানান।