শিক্ষক নিয়োগের অভিন্ন নীতিমালা প্রত্যাখ্যান নোবিপ্রবি শিক্ষক সমিতির

পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে অভিন্ন ও সমন্বিত নীতিমালা চূড়ান্ত করেছে উচ্চশিক্ষার মান নিয়ন্ত্রক সংস্থা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। নিয়োগের আগে অবশ্যই প্রার্থীদের লিখিত পরীক্ষা, ডামি ক্লাস এবং মৌখিক পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হতে হবে। ইউজিসি প্রণীত এ নীতিমালা খসড়া এখন চূড়ান্ত অনুমোদনের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের সর্বোচ্চ অগ্রাধিকারের তালিকায় রয়েছে। সহসাই এ ব্যাপারে মন্ত্রণালয়ের শীর্ষ পর্যায়ের বৈঠকে নীতিমালার খসড়া নিয়ে বৈঠক হবে। অনুমোদন পেলেই তা কার্যকর করতে প্রজ্ঞাপন বা আদেশ জারি করা হবে। মন্ত্রণালয় ও ইউজিসি সূত্রে এ তথ্য নিশ্চিত করেছে।

নোবিপ্রবি

এদিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ ও পদন্নোতি সংক্রান্ত এ অভিন্ন নীতিমালা প্রত্যাখ্যান করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) শিক্ষক সমিতি। বুধবার (২৮ আগস্ট) নোবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি ড. গাজী মো. মহসিন ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ ও পদন্নোতি সংক্রান্ত যে অভিন্ন নীতিমালাটি চূড়ান্ত হয়েছে তা বিশ্ববিদ্যালয় ভিত্তিক গবেষণা ও উচ্চশিক্ষা পরিপন্থী এবং শিক্ষক সমাজের প্রতি একশ্রেণীর পেশাজীবীর বিদ্বেষপূর্ণ মনোভাবেরই বহিঃপ্রকাশ। ইতোমধ্যে এই নীতিমালার খসড়াটি প্রত্যাখ্যান করে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষক সমিতির বিবৃতি প্রদান সত্ত্বেও গায়ের জোরে তা চূড়ান্ত অনুমোদনের জন্য প্রেরণের নিন্দা জানায় নোবিপ্রবি শিক্ষক সমিতি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নীতিমালায় শিক্ষকদের কর্মঘণ্টা নির্ধারণে ঔদ্ধত্য দেখানো হয়েছে। এমন অযৌক্তিক নীতিমালা চাপিয়ে দেওয়ার যেকোনও অপচেষ্টা নোবিপ্রবি শিক্ষক সমিতি সম্মিলিতভাবে প্রতিহত করবে এবং প্রয়োজনে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। নীতিমালাটি অবিলম্বে প্রত্যাহার করে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের মধ্য থেকে অভিজ্ঞ প্রতিনিধির সমন্বয়ে একটি গ্রহণযোগ্য প্রক্রিয়ায় গ্রহণযোগ্য নীতিমালা প্রণয়নের দাবি নোবিপ্রবি শিক্ষক সমিতির।