শেষ হলো ইউল্যাব ছায়া জাতিসংঘ অধিবেশন

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) ও মডেল ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশন (ইউল্যাব-এমইউএনএ) কর্তৃক আয়োজিত ‘ইউল্যাব ছায়া জাতিসংঘ অধিবেশন ২০১৯’ ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত ইউল্যাবের স্থায়ী ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে। তিন দিনব্যাপী এ সম্মেলনের আলোচ্য বিষয় ছিল ‘গুড গভার্ন্যান্স এজ অ্যা টুল অব সাসটেইনেবল ডেভেলপমেন্ট।’

ULAB MUN Photo

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক পররাষ্ট্র সচিব, রাষ্ট্রদূত মোহাম্মদ মহসিন। তিনি বলেন, ‘শিক্ষার্থীদের জন্য  ছায়া জাতিসংঘের গুরুত্ব অনেক। এরকম চর্চার মাধ্যমে একজন শিক্ষার্থী তার জ্ঞানের পরিসীমা বৃদ্ধির পাশাপাশি বৈশ্বিক অনেক কিছুর ব্যাপারে জানতে পারছেন।’

সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন ইউল্যাবের উপাচার্য অধ্যাপক ড. এইচ এম জহিরুল হক ও ইউল্যাব বোর্ড অব ট্রাস্টিজের বিশেষ উপদেষ্টা অধ্যাপক ইমরান রহমান প্রমুখ। ইউল্যাবের উপ-উপাচার্য অধ্যাপক ড. সামসাদ মর্তুজা এ সময় উপস্থিত ছিলেন। ইউল্যাব-এমইউএন’র প্রতিষ্ঠাতা সভাপতি ও মহাসচিব কাজী রায়হানুল বারীর সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়। তিন দিনব্যাপী এই আয়োজনে দেশের বিভিন্ন প্রান্তের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে আগত দুই শতাধিক শিক্ষার্থী বিভিন্ন রাষ্ট্রের ছায়া প্রতিনিধি হিসেবে এই সম্মেলনে অংশগ্রহণ করেন।