ইসলামী বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সমাবেশ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী বলেছেন, ‘চতুর্থ শিল্প-বিপ্লবের অগ্রযাত্রা যেভাবে শুরু হয়েছে,তাতে পার্টনারশিপ ছাড়া কখনও উন্নতির চরম শিখরে পৌঁছানো সম্ভব হবে না। বাংলাদেশ অতীতের যেকোনও অবস্থান থেকে অনেকাংশে এগিয়েছে। কিন্তু এগুলো সব ধূলিসাৎ হয়ে যাবে যদি, এদেশের যুব সমাজ মাদক-সন্ত্রাসে ও জঙ্গিবাদে বুদ হয়ে থাকে।’

received_2492470150994647

কুষ্টিয়া জেলা পুলিশের আয়োজনে মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকালে ইসলামী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী ছাত্র-শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে  প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

তিনি আরও বলেন, ‘পার্শ্ববর্তী দেশগুলো থেকে মাদক আসার সব রাস্তা বন্ধ করতে হবে। ইসলামী বিশ্ববিদ্যালয় মাদক-সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে।’

কুষ্টিয়া পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার গোলাম সবুর ও এএসপি ফারজানা আক্তারের সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে বাংলাদেশ পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি ড. মহিদ উদ্দীন বলেন, ‘মাদক সবসময় আপনাকে ঘোরের মধ্যে রাখবে, আপনি স্থির থাকতে পারবেন না। গাঁজা টান দিয়ে একতারা-দোতারা বাঁজানো যায়, কিন্তু শরীর ও জীবনের একতারা কিন্তু ছিঁড়ে যায়।’

কুষ্টিয়া পুলিশ সুপার এস এম তানভীর আরাফাতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, কুষ্টিয়া জেলা প্রশাসক আসলাম হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা ও প্রক্টর (ভারপ্রাপ্ত) অধ্যাপক পরেশ চন্দ্র বর্মণ।

এসময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. রেবা মন্ডল, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. নাসিম বানু, কুষ্টিয়ার এসপি মুস্তাফিজুর রহমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ। 

সমাবেশ শেষে লালন একাডেমির শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়