জাবিতে প্রজাপতি মেলা শুক্রবার

জাবিতে প্রজাপতি মেলা শুক্রবার ‘উড়লে আকাশে প্রজাপতি, প্রকৃতি পায় নতুন গতি’ এই প্রতিপাদ্যে আগামী শুক্রবার (২০ ডিসেম্বর) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রজাপতি মেলা-২০১৯।

বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের কীটতত্ত্ব শাখার আয়োজনে দশমবারের মতো বসছে এ মেলা।

বুধবার (১৮ ডিসেম্বর) বিকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার শিক্ষক লাউঞ্জে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মেলার আহ্বায়ক প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মনোয়ার হোসেন তুহিন।

মনোয়ার হোসেন তুহিন জানান, আগামী ২০ ডিসেম্বর সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তন চত্বরে উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম মেলার উদ্বোধন করবেন।

প্রতি বছরের ন্যায় এবারের মেলায়ও থাকছে বর্ণাঢ্য র‍্যালি, শিশু-কিশোরদের জন্য প্রজাপতি বিষয়ক ছবি আঁকা ও কুইজ প্রতিযোগিতা, প্রজাপতি বিষয়ক আলোকচিত্র প্রতিযোগিতা ও প্রদর্শনী, জীবন্ত প্রজাপতি প্রদর্শন, প্রজাপতির আদলে ঘুড়ি ওড়ানো প্রতিযোগিতা, বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতা, প্রজাপতি বিষয়ক ডকুমেন্টারি প্রদর্শনী এবং পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান।

প্রজাপতি বিষয়ক গবেষণায় বিশেষ অবদানের জন্য মেলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এম এ বাশারকে ‘বাটারফ্লাই অ্যাওয়ার্ড-২০১৯’ ও সবুজবাগ সরকারি কলেজের শিক্ষার্থী অরুণাভ ব্রুণোকে ‘বাটারফ্লাই ইয়াং ইনথুসিয়াস্ট’ অ্যাওয়ার্ড প্রদান করা হবে।

প্রজাপতি বিষয়ক প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য মেলার দিন সকাল সাড়ে ৯টার মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে হবে।

উল্লেখ্য, প্রজাপতি সংরক্ষণে গণসচেতনতা বাড়াতে ২০১০ সাল থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ব্যতিক্রমী প্রজাপতি মেলা অনুষ্ঠিত হয়ে আসছে।