ধর্ষণের বিরুদ্ধে ব্যতিক্রমী প্রতিবাদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ধর্ষণের বিরুদ্ধে অভিনব এক প্রতিবাদের আয়োজন করে আজ ১৪ জানুয়ারি। একদল শিক্ষার্থী সম্মিলিত কণ্ঠে আবৃত্তি করে ফেমিনিস্ট এনথেম। তাদের দাবি, ধর্ষণের জন্য কোনোভাবেই নারী দায়ী নয়, দায়ী পুরুষতান্ত্রিক সমাজের নিকৃষ্ট মানসিকতা।

20200114_142638
আজ দুপুরে ক্যাম্পাসের ভাস্কর্য চত্বর ও কলা ভবনে ব্যতিক্রমী এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। আড্ডা ছেড়ে শিক্ষার্থীরা উঠে আসে প্রতিবাদ স্থলে, কেউ কেউ ব্যস্ত হয়ে পড়ে মুঠোফোনে ভিডিও-ছবি নিতে।
অভিনব প্রতিবাদের আয়োজকদের একজন জবি মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ফাতেমা মেঘলা বলেন, ‘চিলিতে প্রথম ধর্ষণের বিরুদ্ধে ফেমিনিস্ট এনথেম প্রদর্শিত হয়। পরবর্তীতে সারা বিশ্বেই এটি প্রদর্শিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমরা এটি প্রদর্শন করলাম। আসলে ধর্ষণের জন্য যে নারীরা নয়, ধর্ষক মানসিকতা দায়ী, এটা জানান দিতেই আমাদের এই আয়োজন।’

20200114_143232
আয়োজকদের আরেকজন চারুকলার ১৪ ব্যাচের শিক্ষার্থী অরূপ রতন বলেন, ‘ধর্ষণসহ যেকোনও নিপীড়নের কারণগুলোর মধ্যে সামাজিক মূল্যবোধের অবক্ষয় প্রধান। এটি ধীরে ধীরে একটি নেতিবাচক সংস্কৃতিতে পরিণত হচ্ছে। এটি বন্ধ করতে হবে। সম্প্রতি ঘটে যাওয়া নিপীড়নের ঘটনাগুলোর প্রতিবাদ এবং সামাজিক সচেতনতা তৈরির জন্যই আমাদের এই আয়োজন।’