পাওনা টাকা চাওয়ায় চবি ছাত্রীকে বাড়ি মালিকের মারধর

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়পাওনা টাকা চাইতে গিয়ে বাড়ির মালিকের মারধরের শিকার হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক ছাত্রী। হাতে কামড় দিয়ে জখম করা হয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি। এ ঘটনায় ওই ছাত্রী হাটহাজারী মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

সোমবার (২০ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ ক্যাম্পাসের ‘নিরিবিলি হাউস’ এর তিনতলায় এ মারধরের ঘটনা ঘটে।

অভিযোগপত্রে ওই ছাত্রী উল্লেখ করেন, ‘বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ ক্যাম্পাসে ‘নিরিবিলি হাউসে’ থেকে পড়ালেখা করতাম। তবে পড়ালেখার অসুবিধার কারণে ডিসেম্বর মাসে বাসা ছেড়ে দেই। এসময় জামানত বাবদ চার হাজার টাকা থেকে দুইহাজার টাকা দেন বাড়িওয়ালা। আর দুই হাজার টাকা ১৫/২০ দিনের মধ্যে দিতে সম্মত হন। ওই টাকা চাইতে গেলে অস্বীকার করে। এরপর কথা কাটাককাটির এক পর্যায়ে মারধর করে ওই বাড়ির মালিক। হাতে কামড় দিয়ে জখমও করে। পরে বিশ্ববিদ্যালয় মেডিকেল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছি।’

ভুক্তভোগী ছাত্রী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নিজের টাকা চাইতে এরকম একটা অবস্থায় পড়ব কল্পনাও করিনি। আমার হতে এখনও কামড়ের দাগ আছে। প্রক্টর অফিস ও থানায় অভিযোগ দিয়েছি। এ ঘটনার বিচার চাই।’ 

তবে এ বিষয়ে অভিযুক্ত বাড়ি মালিক নুরুল ইসলামের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।

এ বিষয়ে প্রক্টর অধ্যাপক এস এম মনিরুল হাসান বলেন, ‘মেয়েটা আমাদের কাছে অভিযোগ নিয়ে এসেছিল। তাকে থানায় অভিযোগ করতে বলেছি। তদন্ত সাপেক্ষে পুলিশ ব্যবস্থা নিবে।’

হাটহাজারি থানার দায়িত্বরত উপ-পরিদর্শক মো. বাসার বলেন, ‘বাড়িওয়ালা একজন ছাত্রীকে মারধর করেছে এমন একটা অভিযোগ পেয়েছি। মেয়েটিকে মারধর করেছে, হাতে কামড়ের দাগ ও রয়েছে। অভিযোগ আকারে নথিভুক্ত করা হয়েছে। ব্যবস্থা নেওয়া হবে।’