চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের তিন ইউনিটে মেধাতালিকায় স্থান পাওয়া ৮২ জনের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রবিবার (৯ ফেব্রুয়ারি) পৃথক চার রিটের শুনানি শেষে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
একইসঙ্গে ডি ইউনিটে মানোন্নয়ন দেওয়া ভর্তি পরীক্ষার্থীদের ফলাফল প্রকাশ না করায় রিট আবেদনকারীর ফলাফল প্রকাশ ও সেই অনুযায়ী ভর্তির বিষয়টি বিবেচনা করতে বলা হয়েছে।
দুইটি রিটের আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘৮২ জন শিক্ষার্থীর তিন ইউনিটের বিষয় নির্বাচন ও ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন আদালত। আর একজন শিক্ষার্থী আলাদা রিট করেছিল তার ডি ইউনিটের ফলাফল প্রকাশ ও ভর্তির বিষয়টি বিবেচনা করার নির্দেশ দেওয়া হয়েছে।’
প্রসঙ্গত, চবির ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে মেধা তালিকায় স্থান পান অনেক শিক্ষার্থী। কিন্তু উচ্চমাধ্যমিকে মানোন্নয়ন পরীক্ষা দেওয়ায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের ভর্তি বাতিল করে। পরে ভর্তি প্রক্রিয়ায় বিশ্ববিদ্যালয়ের নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে ৮২ জন শিক্ষার্থী (এ,বি,সি ইউনিটে) তিনটি রিট করেন। এছাড়া ডি ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া একজন শিক্ষার্থী আলাদা একটি রিট করেন।