লোক প্রশাসন বিভাগের উদ্যোগে ইসলামী বিশ্ববিদ্যালয়ে আজ (১ মার্চ) পিঠা উৎসব আয়োজিত হয়েছে। শীতের বিদায়ী আমেজ ও বসন্তকে অভ্যর্থনা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের মীর মোশাররফ হোসেন একাডেমিক ভবনের লোক প্রশাসন বিভাগের করিডোরে এ উৎসবের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিভাগের সভাপতি অধ্যাপক ড. জুলফিকার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড.শাহিনুর রহমান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা। এছাড়াও প্রক্টর অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মণ, বিভাগের অধ্যাপক ড. মতিনুর রহমান, অধ্যাপক ড.মোহাম্মদ আসাদুজ্জামান, অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম, অধ্যাপক ড. গিয়াস উদ্দিন, অধ্যাপক ড. রাকিবা ইয়াসমিনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
পিঠা উৎসবে মোট ১০১ পদের পিঠা পরিবেশন করা হয়। এগুলোর মধ্যে ছিল গোকুল, নারকেল পুলি, হৃদয় হরণ, বিস্কুট, পাটিসাপটা, দাবা কোট, মাংসের পিঠা, জামাই, ঝাল, লবঙ্গ, গোলাপ, মাছ, ঝালপোয়া, ফুল পায়েস, পাকোয়ান, খেজুর, সুজির ভাপা, পাকান, ছিটা রুটি, দুধ চিতই, মালপোয়াসহ আরও অনেক কিছু।
প্রধান অতিথির বক্তব্যে ড. হারুন-উর-রশিদ আসকারী বলেন, ‘লোক প্রশাসন বিভাগের এমন আয়োজনে আমি সত্যিই অভিভূত। আমার বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এমন উৎসব আর দেখিনি। লোক প্রশাসন বিভাগ থেকে বিভিন্ন ক্ষেত্রে আরও চমকপ্রদ কৃতিত্ব আসবে এই আশা করছি।’