দিল্লির ঘটনায় রাবি শিক্ষার্থীদের নিন্দা

ভারতের দিল্লিতে চলমান সাম্প্রদায়িক হত্যাকাণ্ডের ঘটনায় নিন্দা জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। রবিবার (১ মার্চ) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে আয়োজিত মানববন্ধন ও সাংস্কৃতিক সমাবেশ থেকে এ নিন্দা প্রতিবাদ জানানো হয়। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সাংস্কৃতিক জোট এ কর্মসূচির আয়োজন করে। 

88981925_541474573140773_484355118511161344_n
মানববন্ধনে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক অমিত কুমার দত্ত বলেন, ‘দেশের সাম্প্রদায়িক দাঙ্গা যত বাড়বে, সরকারের শক্তি তত বাড়বে। এ দাঙ্গা আসলে হিন্দু-মুসলমানের সাম্প্র্দায়িক দাঙ্গা নয়, এটি রাষ্ট্রীয় ক্ষমতা স্থায়ীকরণের প্রক্রিয়া মাত্র। এই দাঙ্গা দেশে সিএএ বিরোধী উদ্ভূত আন্দোলনকে বিনষ্ট করার প্রচেষ্টা। সাম্প্রদায়িক বিষবাষ্প যেন বাংলাদেশে ছড়াতে না পারে সে বিষয়ে সচেতন থাকতে হবে।’ 
বক্তারা আরও বলেন, ‘মোদি ধর্মান্ধ আর ভারতের ধর্মান্ধ জনগোষ্ঠীকে প্রভাবিত করে সাম্প্রদায়িকতা উস্কে দিয়ে নিজের ক্ষমতা পাকাপোক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু এতে শুধু মুসলমানই নয়, হিন্দুরাও এর প্রতিবাদ করেছে। সাম্প্রদায়িক দাঙ্গা ছড়িয়ে নিজেদের স্বার্থ রক্ষার চেষ্টা করছে মোদি সরকার। আমাদের বাংলাদেশে যেন এ সহিংসতা ছড়িয়ে না পড়ে সেদিকে সরকারকে নজর দিতে হবে।’
কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার রায়ের সঞ্চালনায় সংহতি বক্তব্য দেন বৈপ্লবী ছাত্র মৈত্রীর রাবি শাখার সাধারণ সম্পাদক রঞ্জু হাসান, সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের সভাপতি মোর্শেদুল ইসলামসহ আরও অনেকে। কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।