শ্রেণিকক্ষের দাবিতে প্রশাসনিক ভবন অবরোধ করে শিক্ষার্থীদের প্রতীকী ক্লাস

শ্রেণিকক্ষের দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রশাসনিক ভবন অবরোধ করে আন্দোলন ও প্রতীকী ক্লাস করেছে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা। সোমবার (২ মার্চ) সকাল সাড়ে আটটা থেকে প্রশাসনিক ভবনের ক্লাসরুমের  সামনে অবস্থান নেয় তারা। এসময় শিক্ষার্থীরা প্রতীকী ক্লাস নেন। যতক্ষণ পর্যন্ত সংকট সমাধান না হয়, প্রতিবাদ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।

unnamed
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, দীর্ঘ চার বছর পার হলেও বিভাগটিতে মাত্র একটি শ্রেণিকক্ষ। ল্যাব নেই, সেমিনার লাইব্রেরি নেই। ফলে তারা পড়াশোনা বা ব্যবহারিক কাজ কোনোটাই ঠিকমতো করতে পারছেন না।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত সপ্তাহে বিশ্ববিদ্যালয় প্রশাসন একাডেমিক ভবন- ২ এ বিভাগটিকে কয়েকটি রুম বরাদ্দ দেয়। কিন্তু ওই বিভাগে অবস্থানকারী ব্যবসা অনুষদের চারটি বিভাগ ওই ভবনকে স্বতন্ত্র ব্যবসা অনুষদ ঘোষণাসহ ৫ দফা দাবিতে আন্দোলন শুরু করে। ফলে কার্যত ববরাদ্দকৃত এসব শ্রেণিকক্ষে আর ক্লাস করতে পারেনি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ এর শিক্ষার্থীরা ।
ওই বিভাগের শিক্ষার্থী শরিফুল ইসলাম বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন বারবার আমাদের সংকট সমাধানে আশ্বাস দিয়েছে। বারবার মিটিং করেছে। কিন্তু এখনও শ্রেণিকক্ষ বরাদ্দ দিতে পারেনি। বাধ্য হয়ে আমরা অবস্থান কর্মসূচি দিয়েছি। সংকট সমাধান না হলে প্রতিবাদ আরও কঠোর হবে।’
আন্দোলনের মাঝপর্যায়ে শিক্ষার্থীরা বই-খাতা নিয়ে প্রশাসনিক ভবনের সামনে বসে প্রতীকী ক্লাস করেন।এ ব্যাপারে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী বলেন, ‘সংকট সমাধানে গতকাল বিভাগীয় প্রধানদের নিয়ে মিটিং করেছি। আজও মিটিং চলছে। আমরা সমাধানের চেষ্টা করছি।’