চবির রাজনীতি বিজ্ঞান বিভাগের সুবর্ণ জয়ন্তী উদযাপন শুরু বৃহস্পতিবার

received_197693271503692চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) রাজনীতি বিজ্ঞান বিভাগের ৫০ বছর পূর্তি উপলক্ষে ৫ ও ৬ মার্চ উদযাপিত হবে দুই দিনব্যাপী সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান। প্রায় ৩ হাজার প্রাক্তন ও বর্তমান শিক্ষক শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাচ্ছে এ আয়োজন। 

মঙ্গলবার (৩ মার্চ) দুপুর সাড়ে ১২টায় রাজনীতি বিজ্ঞান বিভাগের সভাপতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এসময় লিখিত বক্তব্য দেন সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির সদস্য সচিব ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান ছিদ্দিকী।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সুবর্ণ জয়ন্তীর প্রথম দিন বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ১০টায় সমাজ বিজ্ঞান অনুষদ থেকে আনন্দ র‍্যালি শুরু হয়ে শহীদ আব্দুর রব হলের মাঠে অনুষ্ঠানস্থলে এসে শেষ হবে। সকাল সাড়ে ১০ টায় সুবর্ণ জয়ন্তী উদ্বোধন করবেন চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার।

দ্বিতীয় দিন শুক্রবার (৬ মার্চ) প্রাক্তন শিক্ষার্থীদের স্মৃতিচারণ, ফটোসেশন ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হবে।

সংবাদ সম্মেলনে সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির আহ্বায়ক ও বিভাগের সভাপতি অধ্যাপক ড. আনোয়ারা বেগম, সদস্য সচিব অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান ছিদ্দিকী, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. মোঃ এনায়েত উল্যা পাটোয়ারী, যুগ্ম সদস্য সচিব ও সহযোগী অধ্যাপক এ জি এম নিয়াজ উদ্দিন, কোষাধ্যক্ষ সহকারী অধ্যাপক মো. বখতেয়ার উদ্দীন এবং বিভাগের অধ্যাপক ড. ভূঁইয়া মো. মনোয়ার কবির উপস্থিত ছিলেন।

১৯৬৬ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) প্রতিষ্ঠার দুই বছর পরেই ১৯৬৮ সালে রাজনীতি বিজ্ঞান বিভাগের যাত্রা শুরু হয়। ২০১৮ সালে বিভাগটির ৫০ বছরের যাত্রা শেষ হয়। এ উপলক্ষে ২০১৯ সালের ফেব্রুয়ারীতে সুবর্ণ জয়ন্তী উদযাপনের তোড়জোড় শুরু হলেও জাতীয় নির্বাচনসহ বিভিন্ন কারণে বড় পরিসরে এ উদযাপন করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটি। তবে সীমিত পরিসরে ২০১৮ সালে একটি অনুষ্ঠানের মাধ্যমে সুবর্ণ জয়ন্তী উদযাপনের সূচনা করা হয়।