জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে বছরব্যাপী নানা কর্মসূচি হাতে নিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার (১১ মার্চ) বিকেলে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ আয়োজনের কথা জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
সকাল সাড়ে ৯টায় জাতীয় সংগীত পরিবেশনের সাথে সাথে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন, সকাল ৯টা ৪০ মিনিটে বেলুন উড়ানো আনন্দ র্যালি, সকাল সাড়ে ১০টা থেকে বঙ্গবন্ধুর জীবনী সম্পর্কিত আলোকচিত্র প্রদর্শনী ও শিশু-কিশোর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এছাড়া বাদ যোহর কেন্দ্রীয় মসজিদে দোয়া মিলাদ মাহফিল, সন্ধ্যায় সনাতন শিক্ষার্থীদের প্রার্থনা ও সন্ধ্যায় মুক্তমঞ্চে কনসার্টের আয়োজন করা হয়েছে।
এছাড়া জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গবেষণা সেল ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে বছরব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা, আলোচনাসভা, আলোকচিত্র ও প্রামান্যচিত্র প্রদর্শনীসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, রাজনৈতিক সংগঠন, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগেও পৃথকভাবে কর্মসূচির আয়োজন করা হয়েছে বলে জানা যায়।