‘গ্রন্থী’ প্রকাশনীর তিন দশক পূর্তিতে ৭০ এর অধিক দেশবরেন্দ্র কবি, লেখক ও সাহিত্যিকদের অংশগ্রহণে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘গ্রন্থী লেখক সম্মেলন ২০২০’ অনুষ্ঠিত হয়েছে। গ্রন্থী প্রকাশনী ও দেশের শিল্প-সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক গবেষণাধর্মী পত্রিকা ‘অবিদ্যা’র সহযোগিতায় এ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
শুক্রবার (১৩ মার্চ) সকালে বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে এ সম্মেলনের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। এ সময় শুভেচ্ছা বক্তব্যে উপাচার্য বলেন, ‘আমাদের দেশের প্রকৃতি, স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও ইতিহাস মানুষের কাছে তুলে ধরতে আপনাদের হাত চলে অবিরত। আমরা গর্বিত যে বাংলা সাহিত্যকে এ পর্যায়ে নিয়ে আসতে আপনারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এজন্য আপনাদেরকে সাধুবাদ জানাই।’ এসময় লেখক সম্মেলনের মতো আয়োজনের ফলে বাংলা ভাষা ও সাহিত্য চর্চা আরও এগিয়ে যাবে বলে মন্তব্য করেন উপাচার্য। অনুষ্ঠানে বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. জফির উদ্দিন সেতুর সঞ্চালনায় বক্তব্য রাখেন গ্রন্থী প্রকাশনীর সম্পাদক শামীম শাহান। এসময় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত কবি, লেখক ও সাহিত্যিকবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। পরে অনুষ্ঠানে গ্রন্থীর ৫ম সংকলনের মোড়ক উন্মোচন করেন আমন্ত্রিত অতিথিরা।
সকাল থেকে দিনব্যাপী এ সম্মেলন তিনটি অধিবেশনে অনুষ্ঠিত হয়। অধিবেশনগুলোতে যথাক্রমে ‘তিন দশকে গ্রন্থী’, ‘ছোট কাগজ, এ সময়ে’ ও ‘একালের সাহিত্য: গতি ও প্রকৃতি’ নিয়ে আলোচনা করা হয়।
এছাড়া তিন পর্বে উপস্থিত কবিদের কন্ঠে ‘কবিকন্ঠে কবিতা পাঠ’ অনুষ্ঠিত হয়। পরে বিকালে সম্মেলন শেষে আড্ডা ও সমাপনি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উল্লেখ্য, শামীম শাহানের সম্পাদনায় সিলেট থেকে প্রকাশিত নব্বই দশকের গুরুত্বপূর্ণ ছোটকাগজ ‘গ্রন্থ’ প্রকাশনীর তিন দশক পূর্তিতে এ সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে সারা বাংলাদেশ থেকে সত্তরেরও অধিক লেখক-কবি ও সাহিত্যিকেরা অংশগ্রহণ করেন।