কুবিতে শোক সভার ব্যানার নিয়ে বিতর্ক তুঙ্গে, ক্ষমা চাইলেন উপাচার্য

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানেরর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে একটি ভার্চুয়াল আলোচনা সভার আয়োজন করা হয়েছে আগামী ২৯ আগস্ট। আয়োজনের প্রধান অতিথি করা হয়েছে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিকে। কিন্তু এই সভার ব্যানার নিয়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক।
সভার ব্যানারের নিচে ‘সঞ্চালনায়: জনাব রশিদুল ইসলাম শেখ আহ্বায়ক, ১৫ আগস্ট উদযাপন কমিটি’ লেখা নিয়ে শুরু হয় সমালোচনা। বুধবার (২৬ আগস্ট) ভার্চুয়াল সভার ব্যানারটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর। এরপরেই প্রেস ইন্সটিটিউট অব বাংলাদেশের (পিআইবি) বর্তমান মহাপরিচালক জাফর ওয়াজেদ ব্যানারটি নিজের ফেসবুক টাইমলাইনে শেয়ার দিয়ে সমালোচনা করেন। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সাদেকা হালিম ফেসবুকে এক মন্তব্যে বলেন, এ ধরনের একটি বিষয় প্রচারের সময় কর্তৃপক্ষের বারবার যাচাই-বাছাই করা উচিৎ।’

vc fb post
এদিকে ব্যানারটি নিয়ে সমালোচনার মুখে ‘১৫ আগস্ট উদযাপন কমিটি’ বাদ দিয়ে সংশোধিত একটি ব্যানার নিজের টাইমলাইনে শেয়ার দিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এমরান কবীর চৌধুরী লেখেন, ‘ভুলটি ছিলো অনাকাঙ্ক্ষিত। আমার চোখে পড়া মাত্রই শুধরে নিয়েছি। আপনাদের হৃদয়ের রক্তক্ষরণ আমাকে ছুঁয়ে গেছে। আমি দুঃখিত।’
এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে গণমাধ্যম ব্যক্তিত্বসহ বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা তীব্র প্রতিক্রিয়া প্রকাশ করছেন।
তবে খোঁজ নিয়ে দেখা গেছে, গত ৯ আগস্ট কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে জাতীয় শোক দিবস পালন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি রশিদুল ইসলাম শেখকে আহ্বায়ক করে ১৪ জন শিক্ষক ও কর্মকর্তা নিয়ে একটি কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. আবু তাহের স্বাক্ষরিত সেই অফিস আদেশে কোথাও ‘উদযাপন কমিটি’র কথা বা এমন কিছুই উল্লেখ করা হয়নি।
ঘটনা তদন্তে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো: আসাদুজ্জামানকে আহ্বায়ক করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে৷ কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. এ. কে. এম রায়হান উদ্দিন ও সদস্য সচিব হিসেবে রয়েছেন রেজিস্ট্রার অধ্যাপক ড. আবু তাহের। কমিটিকে আগামী ৭ কর্ম দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
এদিকে দিবসটি পালন উপলক্ষে গঠিত কমিটির আহ্বায়ক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি রশিদুল ইসলাম শেখকে ব্যানারে ‘১৫ আগস্ট উদযাপন কমিটি’ না থাকার পরও কী করে এটি লেখা হল তা জানতে ফোন করা তিনি বলেন, ‘আমি শুনেছি তদন্ত কমিটি গঠিত হয়েছে, তাই এই বিষয়ে আমি কোনো মন্তব্য করবো না।’