ইবি উপাচার্যের দায়িত্ব গ্রহণ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ১৩তম উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম দায়িত্ব গ্রহণ করেছেন। রবিবার (৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

IMG_1820

এর আগে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানিয়ে  'মৃতুঞ্জয়ী মুজিবে' পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় সেখানে জাতির পিতার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত অনুষ্ঠিত হয়। এসময় সেখানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, ভারপ্রাপ্ত রেজিস্টার এস এম আব্দুল লতিফ উপস্থিত ছিলেন। 

পুষ্পস্তবক অর্পণ শেষে উপাচার্যের কার্যালয়ে উপ উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান নবনিযুক্ত উপাচার্যকে ফুল দিয়ে বরণ করে নেন। পরে একে একে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু পরিষদ, শিক্ষক সমিতি, শাপলা ফোরাম, কর্মকর্তা সমিতি, অফিসার্স অ্যাসোসিয়েশন, সহায়ক কর্মকর্তা সমিতি, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ উপাচার্যকে ফুল দিয়ে অভিনন্দন জানান।

উপাচার্য অধ্যাপক ড শেখ আবদুস সালাম বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের মূল উদ্দেশ্য শিক্ষা এবং গবেষণা। সেখানে যদি কোনও অসম্পূর্ণতা থাকে, তাহলে সেটা পূরণ করে শিক্ষা ও গবেষণাকে শক্তিশালী করতে চাই। শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা সবাই যদি সম্মিলিত হয়ে কাজ করে, তাহলে আমরা সফল হতে পারবো।’

উল্লেখ্য, গত মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক (অবসরপ্রাপ্ত) ড. শেখ আব্দুস সালামকে ইবি উপাচার্য হিসেবে নিয়োগ দেন। নিয়োগ আদেশের পর বুধবার (৩০ সেপ্টেম্বর) তিনি মন্ত্রণালয়ে যোগদান করেন।