সারাদেশে ধর্ষণ ও নিপীড়নের প্রতিবাদে জবি শিক্ষার্থীদের মৌন পদযাত্রা

নোয়াখালীতে বর্বরোচিত নারী নিযার্তনসহ সারাদেশে সাম্প্রতিক সময়ে সকল ধর্ষণ, নিপীড়ন ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে পুরান ঢাকায় মৌন পদযাত্রা করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা।

FB_IMG_1601972615883
মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে ‘সন্ত্রাস-নিপীড়নের বিরুদ্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয়’ ব্যানারে পদযাত্রায় অংশ নেন শিক্ষার্থীরা। পদযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে রায়সাহেব বাজার, সোহরাওয়ার্দী কলেজ হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এসে শেষ হয়।
মৌন পদযাত্রার সংগঠক তৌসিব মাহামুদ সোহান বলেন, ‘যে পরিস্থিতি তৈরি হয়েছে শুধু নারীরা কেন, আমরা কেউই নিরাপত্তার মধ্যে নেই। প্রত্যেকটা পরিবারই আতঙ্কের মধ্য দিয়ে যাচ্ছে। এ সমস্ত ঘটনায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিচার কার্যক্রম স্বল্প সময়ে শেষ করতে হবে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। যারা এই অপরাধীদের মদদ দিয়ে আসছে তাদের সিন্ডিকেটকেও ধ্বংস করতে হবে।’