করোনার কারণে স্থগিত থাকা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বিভিন্ন বিভাগের পরীক্ষা গ্রহণের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। একই দাবিতে উপাচার্য ও পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর স্মারকলিপিও প্রদান করেছে তারা।
বুধবার (১৫ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনার প্রাঙ্গণে ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ছাত্রদের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় অবিলম্বে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেওয়ার দাবি জানান তারা।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘করোনার অজুহাত দিয়ে বর্তমানে কোনো কিছুই থেমে নেই। শুধুমাত্র শিক্ষা কার্যক্রম স্থবির হয়ে আছে। ২-১টি কোর্সের পরীক্ষার জন্য আমাদের সবকিছু আটকে আছে, নির্ধারিত সময়ে ফল প্রকাশিত হচ্ছে না।’
তারা বলেন, ‘পরীক্ষা অসমাপ্ত থাকায় একদিকে যেমন অনলাইনে পরবর্তী বর্ষের ক্লাসে অংশ নিতে পারছি না, অন্যদিকে রয়েছে দীর্ঘ সেশনজট। আমরা চাকরির বাজারে পিছিয়ে পড়ছি। তাই স্থগিত পরীক্ষা দ্রুত নেওয়ার দাবি জানাচ্ছি আমরা।’