নারী শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে উদ্যোক্তা প্রশিক্ষণ কর্মশালা

সমাজে শান্তি প্রতিষ্ঠা, সৌহার্দ্য বৃদ্ধি ও করোনা পরবর্তী সময়ে সক্ষমতা অর্জনে সামাজিক ব্যবসার নকশা প্রণয়ন ও ব্যবস্থাপনায় দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সরকারি ও বেসরকারি চারটি বিশ্ববিদ্যালয়ের ১৫০ জন ছাত্রীকে বিনামূল্যে উদ্যোক্তা প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণের সুযোগ দেবে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর পিস অ্যান্ড জাস্টিস। ইউএন উইমেনের অর্থায়নে আগামী ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত তিন মাসব্যাপী অনলাইনে এ কর্মশালা অনুষ্ঠিত হবে।

Call for Application_Training Participants_Final Banner_O8 Nov
ঢাকা বিশ্ববিদ্যালয়, রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা ‘উইমেন এন্টারপ্রনারশিপ ফর প্রোমোটিং পিস অ্যান্ড সোশাল কোহিশন’ শীর্ষক এ কর্মশালায় অংশগ্রহণের সুযোগ পাবেন। কর্মশালায় আবেদনের শেষ দিন ১৬ নভেম্বর
অনলাইন এই প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র প্রদান এবং সেই সাথে ‘পিস ক্যাফ’র পক্ষ থেকে নির্বাচিত শিক্ষার্থীদের উদ্ভাবনী ধারণাসমূহের জন্য বিশেষজ্ঞ মতামত ও অর্থসহায়তা প্রদান করা হবে। অংশগ্রহণমূলক এই অনলাইন প্রশিক্ষণে সামাজিক ব্যবসার উন্নয়নে উদ্ভাবনী ধারণা তৈরিতে দেশসেরা প্রশিক্ষকরা তাদের অভিজ্ঞতা ও দক্ষতা বিনিময় করবেন।
পূর্ণবৃত্তির এই অনলাইন প্রশিক্ষণে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা উদ্যোক্তার মৌলিক বৈশিষ্ট্য এবং ব্যবসায়িক পরিকল্পনা প্রণয়নের বিভিন্ন দিক সম্পর্কে বিশদ ধারণা ও সমাজের দুস্থ ও প্রান্তিক নারীদের জন্য উদ্ভাবনী বিভিন্ন উদ্যোগের বিষয়েও বিশদ জ্ঞান লাভ করবেন। এছাড়া উদ্ভাবনী ধারণা প্রযোগ, নতুনত্ব আনয়ন, পণ্য ও গ্রাহক সেবার ক্রমাগত উন্নতির মাধ্যমে সামাজিক ব্যবসার কার্যকারিতা ও স্থায়িত্ব বৃদ্ধি বিষয়ে সম্যক ধারণা প্রদান করা হবে।
‘উইমেন এন্ট্রাপ্রেনিউরশিপ ট্রেনিং’ শীর্ষক এই আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫০ জন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ২৫ জন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ২৫ জন, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ৫০ জনসহ মোট ১৫০ ছাত্রী অংশগ্রহণ করতে পারবেন। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন নেওয়া হচ্ছে। কর্মশালার বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন এখানে https://cpj.bracu.ac.bd/cpj-announcement/call-for-application-women-entrepreneurship-training-for-promoting-peace-and-social-cohesion/   
উল্লেখ্য, ইউএন উইমেন এর অর্থায়নে ২০১৮ সালে ‘এমপাওয়ার্ড উইম্যান পিসফুল কমিউনিটি’ প্রকল্পের প্রথম ফেইজে নারী শিক্ষার্থীদের এই প্রশিক্ষণের মাধ্যমে সমাজে শান্তি প্রতিষ্ঠায় নারীর ক্ষমতায়ন, উদ্ভাবনী চিন্তার প্রয়োগ ও উদ্যোক্তা তৈরিতে একটি সৃষ্টিশীল প্ল্যাটফর্ম হিসেবে সর্বপ্রথম দেশের আঞ্চলিক দুটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি ও বেরোবি) প্রশিক্ষণ কার্যক্রম শুরু করা হয় এবং পরবর্তীতে নারী শিক্ষার্থীদের এই কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য দুই বিশ্ববিদ্যালয়ে ‘উইম্যান পিস ক্যাফে’ গঠন করা হয়। পিস ক্যাফে শান্তি পূর্ণ সমাজ প্রতিষ্ঠায় নারীর ক্ষমতায়ন, সংহতি বৃদ্ধি, নারীর সুরক্ষা নিশ্চিতে এবং করোনা মোকাবেলায় বিভিন্ন কমিউনিটি এবং বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত নারী শিক্ষার্থীদের নিয়ে উদ্যোক্তা তৈরিতে এবং শান্তি প্রতিষ্ঠায় একটি সৃষ্টিশীল প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে যাচ্ছে।
তারই ধারবাহিকতায় তৃতীয় ধাপে ‘সিকিউরিং দ্য পিস অব অ্যান্ড অনলাইন’ শীর্ষক প্রকল্পের আওতায় সেন্টার ফর পিস অ্যান্ড জাস্টিস (সিপিজে), ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রত্যক্ষ তত্ত্বাবধানে প্রকল্পের এই ফেইজে নারীদের, বিশেষ করে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের এবং সমাজের তৃণমূল স্তরের নারীদের নানাবিধ প্রশিক্ষণের মাধ্যমে সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে ও কোভিড-১৯ পরিস্থিতি মোকাবেলায় সচেতনতামূলক কার্যক্রমকে ত্বরান্বিত করা এবং নতুন করে দেশে আরও দুটি বিশ্ববিদ্যালয় (ব্র্যাক বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে) উইম্যান পিস ক্যাফে স্থাপনের উদ্যোগ গ্রহণ করেছে। প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীরা তৃণমূল পর্যায়ে কমিউনিটির বিভিন্ন সামাজিক সচেতনতামূলক কার্যক্রমের সাথে নিজেদের সম্পৃক্ত করে কোভিড-১৯ এর ঝুঁকি ও চ্যালেঞ্জ মোকাবেলায় নারীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত এবং অফলাইন এবং অনলাইনে শান্তি, সৌহার্দ্য এবং নারীর সুরক্ষা নিশ্চিতে কাজ করবে এই প্রকল্পটি।