মহান বিজয় দিবস উপলক্ষে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ডিবেটিং সোসাইটি অব এইচএসটিইউ এর উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে অনলাইন জাতীয় বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতা।
বুধবার (১৬ ডিসেম্বর) হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির অফিসিয়াল ফেইসবুক পেইজ থেকে ‘জাতীয় বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতা ২০২০’ নামক একটি ইভেন্ট উন্মুক্ত করার মাধ্যমে এই প্রতিযোগিতার সূচনা করা হয়। প্রতিযোগিতাটির ফাইনাল রাউন্ড আগামী ৩১ ডিসেম্বরে অনুষ্ঠিত হবার মাধ্যমে জাতীয় বারোয়ারি বির্তক উৎসব শেষ হবে।
জাতীয় পর্যায়ের এই প্রতিযোগিতাটিতে দেশের যেকোন প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে।
প্রতিযোগিতাটিতে স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় তিনটি বিভাগে প্রতিযোগীরা অংশ নিতে পারবে। দুইটি পর্বে আয়োজিত এ জাতীয় বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতাটির ১ম পর্বে প্রতিযোগীদের নির্ধারিত বিষয়ের উপর ৩ মিনিটের বিতর্কের ভিডিও ধারণ করে গুগল ফর্মের মাধ্যমে জমা দিতে হবে। প্রথম রাউন্ডের ভিডিও জমা দেওয়ার শেষ তারিখ আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত।
পরবর্তীতে প্রত্যেক বিভাগ থেকে সেরা দশজন বিতার্কিকদের নিয়ে ফেইসবুক লাইভে প্রতিযোগিতাটির ফাইনাল পর্ব অনুষ্ঠিত হবে বলে সংগঠনটির সভাপতি জাহিদুল ইসলাম শিহাব জানান।
স্কুল পর্যায়ে বারোয়ারি বিতর্কের বিষয় ‘বিজয়ের ৪৯ বছর পরেও’, কলেজ পর্যায়ে বিতর্কের বিষয় ‘স্বপ্নের সেতু যখন’ এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে বারোয়ারি বিতর্কের বিষয় ‘একটি তর্জনী, একটি গর্জন, অতঃপর।’
জাতীয় বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতাটির আহ্বায়ক ও হাবিপ্রবি ডিবেটিং সোসাইটির সভাপতি কৃষিবিদ জাহিদুল ইসলাম সিহাব প্রতিযোগিতাটি সফলভাবে আয়োজনের জন্য সকলের আন্তরিক সহযোগিতা কামনা করে বলেছেন, ‘ডিবেটিং সোসাইটি অব এইচএসটিইউ প্রথমবারের মতো জাতীয় বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে যা আমাদের জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের। আশা করছি সকলের সহযোগিতায় আমরা একটি ভালো বিতর্ক প্রতিযোগিতা উপহার দিতে পারবো।’