আন্তর্জাতিক আন্তঃবিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রদর্শনীতে হাবিপ্রবির নওরীন প্রথম

আন্তর্জাতিক আন্তঃবিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রদর্শনীতে ইনস্টাগ্রাফ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মোবাইল ফটোগ্রাফি ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করেছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ব্যবসায় শিক্ষা  অনুষদের ম্যানেজমেন্ট বিভাগের ১৩ ব্যাচের শিক্ষার্থী  নওরীন আনসারী। দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ফটোগ্রাফিক সোসাইটি নর্থ সাউথ ইউনিভার্সিটি আর্ট অ্যান্ড ফটোগ্রাফি ক্লাবের আয়োজনে ১২তম আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন  করেন নওরীন। প্রতিযোগিতায় ৩৭টি দেশের মোট ১৭৮ টি বিশ্ববিদ্যালয় থেকে অংশগ্রহণকৃত ফটো প্রদর্শনীতে সর্বমোট ৬৭৬৮ টি ফটো মূল্যায়ন করা হয়।

20201223_181010

প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন  করে অনুভূতি কেমন জানতে চাইলে নওরীন আনসারী বলেন, ‘ এই প্রতিযোগিতায় ৫টি ছবি সাবমিট করেছিলাম। নির্বাচিত হয়েছে জেনে বেশ ভালো লেগেছিলো। করোনার জন্য অনলাইনেই ফটোগ্রাফি প্রদর্শন করা হয়। ভালো কিছু একটা ঘটবে আশা ছিলো। আর আজকের ফলাফলে নিজের নামের পাশে প্রথম স্থান এবং  বিশ্ববিদ্যালয়ের নাম দেখে আবেগে আপ্লুত হয়ে পড়ি।’

প্রতিযোগিতায় প্রথম হওয়া নওরীন বিশ্ববিদ্যালয়ের ফটোগ্রাফিক সোসাইটির সভাপতি। গত নভেম্বরে নওরীনের একটি ফটোগ্রাফি ইন্ডিয়ান ফটো ফেস্টিভালে প্রদর্শিত হয়েছিলো। তার এই সাফল্যে হাবিপ্রবির সকল শিক্ষার্থী উচ্ছ্বসিত।

আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় বিচারক হিসেবে ছিলেন আল-জাজিরার ফটোসাংবাদিক মাহমুদ হোসাইন অপু, ফিলিপাইনের সাংবাদিক ভিজয় ভিলাফ্রাঙ্কা, যুক্তরাজ্যের ফটোগ্রাফার, শিল্পী ও কিউরেটর অ্যালিনা কিসিনা এবং বাংলাদেশ থেকে বিচারক হিসেবে ছিলেন প্রামাণ্য চিত্রশিল্পী, ফটো সাংবাদিক, চলচ্চিত্র নির্মাতা ও দৃষ্টিশিল্পী মো. রাকিবুল হাসান।