‘সেইলর কুমিল্লা হাফ ম্যারাফন-২০২০’ প্রতিযোগিতায় পুরুষ বিভাগে সেরা হয়েছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান (পিইএসএস) বিভাগের শিক্ষার্থী আলামিন হোসেন।
গত ২৫ ডিসেম্বর (শুক্রবার) কুমিল্লার ঐতিহ্যবাহী লালমাই পাহাড়ের কোটবাড়ি এলাকায় অনুষ্ঠিত ২১.১ কিলোমিটার মিনি ম্যারাথনে ১ঘন্টা ২১ মিনিট সময় নিয়ে প্রথম হওয়ার খেতাব জিতেছেন তিনি।
‘রান ফর লাইফ, রান ফর হেলথ’ এবং ‘ইয়ুথ এগেইন্সট ড্রাগস’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে করোনা উৎকন্ঠায় বাড়তি মানসিক চাপ এড়িয়ে সুস্বাস্থ্য বজায় রাখতে ক্রীড়া সংগঠন ‘কুমিল্লা রানার্স’ এর উদ্যোগে প্রতিযোগিতাটি আয়োজন করা হয়। এতে ২১.১ কিলোমিটার হাফ ম্যারাথন ও ১০ কিলোমিটার রান ক্যাটাগরিতে সারাদেশ থেকে শতাধিক প্রতিযোগী অংশ নেন। করোনা মহামারিতে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে ও নিরাপদ দূরত্ব বজায় রেখে প্রতিযোগিতাটি সফলভাবে সম্পন্ন হয়। মিনি ম্যারাথন ক্যাটাগরিতে পুরুষ বিভাগে ১ ঘন্টা ২১ মিনিট সময় নিয়ে চ্যাম্পিয়ন হন যবিপ্রবি শিক্ষার্থী ও দিনাজপুরের ছেলে আলামিন।
এছাড়া ১ ঘন্টা ২৬ মিনিট সময় নিয়ে প্রথম রানারআপ হন মাহবুবুর রহমান ও ১ ঘন্টা ৩০ মিনিট সময় নিয়ে দ্বিতীয় রানারআপ হন আশরাফুল আলম। মিনি ম্যারাথনে মেয়েদের বিভাগে চ্যাম্পিয়ন হন নাসরিন বেগম, প্রথম রানারআপ দোলা বড়ুয়া ও দ্বিতীয় রানারআপ মিথিলা পাল মুন। প্রতিযোগিতায় দুই ক্যাটাগরিতে বিজয়ী প্রথম তিন জন পুরুষ ও তিন জন মহিলাকে প্রাইজমানি ও ক্রেস্ট দেওয়া হয়। এছাড়া সকল অংশগ্রহণকারীকে টি-শার্ট, রেইস কিট, ই- সার্টিফিকেট ও ফিনিসার মেডেল প্রদান করা হয়।