স্বাস্থ্যবিধি মেনে আবাসিক হল খুলে পরীক্ষা গ্রহণসহ তিন দফা দাবিতে ছাত্র সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ছাত্র ইউনিয়ন সংসদ। শনিবার (৯ জানুয়ারি) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। স্বাস্থ্যবিধি মেনে আবাসিক হল খুলে পরীক্ষা গ্রহণ, আবাসিক হল ফি, পরিবহন ফি ও অন্যান্য ফি মওকুফ করা এবং নম্বরপত্র, সার্টিফিকেট ও অন্যান্য কাগজপত্র উত্তোলনে প্রশাসনিক জটিলতা নিরসনের দাবিতে তারা এই সমাবেশ করে।
এসময় ইবি সংসদের সাংগঠনিক সম্পাদক ইমানুল সোহানের সঞ্চালনায় সংসদের সভাপতি নুরুন্নবী ইসলাম সবুজ, সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সংসদের সদস্য জিকে সাদিক, ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী সাইফুল ইসলামসহ সংসদের অন্যান্য সদস্যরা ও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা সমাবেশে অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন, ‘১০ মাস ধরে বিশ্ববিদ্যালয় বন্ধ। শিক্ষার্থীরা কোনও রকম পরিবহন, আবাসিক হলসহ কোনও সেবাই পায়নি। একাডেমিক কার্যক্রমও বন্ধ ছিল। শিক্ষার্থীদের সেবা বাবদ অর্থও ব্যয় হয়নি। তবুও তাদের থেকে ফি নেওয়া হচ্ছে। এটা সম্পূর্ণ অযৌক্তিক। বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের নিরাপত্তা না দিয়ে দায়সারা কাজ করছে। হল না খুলে মেসে রেখে যে পরীক্ষা নীতি তা আরও বিপজ্জনক।’
এছাড়া নম্বরপত্র, সার্টিফিকেট ও অন্যান্য কাগজপত্র উত্তোলনে প্রশাসনিক জটিলতা নিরসনের দাবি জানান তারা। বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের স্বার্থে এসব দাবি মেনে নেবেন বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা। এ সময় তারা দাবি অনাদায়ে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারিও দেন। পরে একই দাবিতে ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালামের কাছে স্মারকলিপি প্রদান করে সংসদের নেতারা।