দুই বছরেও শেষ হয়নি জাবির ৩য় বর্ষ, অনলাইনে পরীক্ষা নেওয়ার দাবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০১৬-১৭ সেশনের (৪৬তম ব্যাচ) শিক্ষার্থীদের দু’বছরেও শেষ হয়নি তৃতীয় বর্ষ। করোনা পরিস্থিতি বিবেচনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি অনলাইনে পরীক্ষা নেওয়ার দাবি তুলেছেন শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, ২০১৮ সালেরর শেষ দিকে তৃতীয় বর্ষের কার্যক্রম শুরু হয়ে চূড়ান্ত পরীক্ষার রেজিস্ট্রেশন শুরু হয় ২০১৯ সালের নভেম্বর মাসে। এরই মধ্যে অধিকাংশ বিভাগের শ্রেণি কার্যক্রম শেষ হয়ে চূড়ান্ত পরীক্ষা শুরু হয়। আবার কিছু বিভাগর চূড়ান্ত পরীক্ষার রুটিন দিলেও করোনাভাইরাস প্রতিরোধে গত বছরের মার্চ থেকে ক্যাম্পাস বন্ধ ঘোষণা করা হয়।

খোঁজ নিয়ে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ৩৪টি বিভাগ ও ৪টি ইনস্টিটিউটের মধ্যে তৃতীয় বর্ষের কোর্স শেষে চূড়ান্ত পরীক্ষা শুরু হয় ১১টি বিভাগের। এর মধ্যে রয়েছে ইতিহাস, বাংলা, সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন, লোকপ্রশাসন, নৃ-বিজ্ঞান, উদ্ভিদবিজ্ঞান, পরিসংখ্যান, গণিত, পরিবেশবিজ্ঞান, রসায়ন ও পদার্থবিজ্ঞান বিভাগ। এছাড়া ৫টি বিভাগ তাদের কোর্স শেষ করে চূড়ান্ত পরীক্ষার সময়সূচি প্রকাশ করে। বিভাগগুলো হলো সরকার ও রাজনীতি, ভূতাত্ত্বিক বিজ্ঞান, আইন ও বিচার, পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স, বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকিউলার বায়োলজি।

অন্যদিকে ৬টি বিভাগ ও একটি ইনস্টিটিউট তাদের তৃতীয় বর্ষের কোর্স সম্পন্ন করেছে। এরমধ্যে রয়েছে প্রাণীবিদ্যা, অর্থনীতি, ভূগাল ও পরিবেশ, ইন্সটিটিউট অব ইনফরমেশন টেকনোলজি, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশনস সিস্টেমস, নগর ও অঞ্চল পরিকল্পনা, আন্তর্জাতিক সম্পর্ক ও ম্যানেজম্যান্ট স্টাডিজ বিভাগ। এদিকে দর্শন বিভাগ , নাটক ও নাট্যতত্ত্ব, ইংরজি, প্রত্নতত্ত্বসহ বেশ কিছু বিভাগের তৃতীয় বর্ষের কোর্স এখনও শেষ হয়নি।

এ ব্যাপারে জানতে চাইলে আইআইটি বিভাগের ৪৬তম ব্যাচের শিক্ষার্থী তানভীর কল্লোল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের পরীক্ষা শুরু হওয়ার আগে আমাদের (৩য় বর্ষ) পরীক্ষা শুরু হয়েছিল। অথচ করোনাকালীন চতুর্থ বর্ষের (৪৫তম ব্যাচ) পরীক্ষা শেষ হয়ে গেলেও তৃতীয় বর্ষের (৪৬তম ব্যাচ) এখনও পরীক্ষা শুরু হয়নি। তাই করোনা পরিস্থিতি বিবেচনায় অনলাইনে পরীক্ষার দাবি জানাচ্ছি।’

এ বিষয়ে সাংবাদিকতা বিভাগের তৃতীয় বর্ষের (৪৬তম ব্যাচ) শিক্ষার্থী মো. নাজমুল হক বলেন, ‘আমাদের শিক্ষাবর্ষের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সহপাঠীরারা স্নাতক শেষ পর্যায়ে হলেও আমরা এখনও তৃতীয় বর্ষ শেষ করতে পারিনি। যেহেতু করোনাভাইরাস পরিস্থিতি এখনও স্বাভাবিক নয়, তাই আমরা দ্রুত অনলাইনের মাধ্যমে চূড়ান্ত পরীক্ষা দিয়ে তৃতীয় বর্ষ শেষ করতে চাই।’

তিনি আরও বলেন, ‘আমাদের সাথে একই বর্ষে পড়াশোনা করেছে এরকম অনেকেই চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারছে। অথচ আমরা এখনও তৃতীয় বর্ষ শেষ করতে পারিনি। এদিক দিয়েও আমরা পিছিয়ে পড়েছি।’

এ বিষয়ে দর্শন বিভাগের তৃতীয় বর্ষের (৪৬তম ব্যাচ) শিক্ষার্থী সাদিকুর রহমান বলন, ‘শিক্ষাবর্ষ অনুযায়ী এতদিনে আমাদের স্নাতক শেষ হওয়ার কথা। কিন্তু এখনও তৃতীয় বর্ষের কোর্সই শেষ হয়নি। ফলে আমাদের সেশনের অন্য বিশ্ববিদ্যালয়ের সহপাঠীরা বিভিন্ন চাকুরীর পরীক্ষায় এগিয়ে যাচ্ছে।’

এদিকে বিভাগগুলো তাদের পরীক্ষা নিতে প্রস্তুত থাকলেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট থেকে অনুমতির অপেক্ষায় আছে তারা। এ বিষয়ে একাধিক বিভাগের সভাপতি জানান, পরীক্ষা নিতে আমাদের কোনও আপত্তি নেই। কিন্তু আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমতি ছাড়া তা করতে পারছি না।

এ ব্যাপারে জানতে চাইলে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক নুরুল আলম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘চতুর্থ বর্ষের (৪৫তম ব্যাচ) শিক্ষার্থীদের পরীক্ষা অনলাইনে নেওয়া মাত্র শেষ করেছি। এখন অন্যান্য ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে আমরা চিন্তা করবো।’