শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা পেলেন জাবি অধ্যাপক ড. জেবউননেছা

সফল নারী হিসেবে শিক্ষা ও চাকরি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা পেলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) লোক-প্রশাসন বিভাগের অধ্যাপক ড. জেবউননেছা। শনিবার (৩০ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম অভিনন্দন জানিয়ে বলেন, ‘ড. জেবউননেছা শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা অর্জন করে আমাদেরকে গৌরবান্বিত করেছেন। এই অর্জন বিশ্ববিদ্যালয়ের জন্য শুভ সংবাদ।’

অভিনন্দন জানিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিও এক বিজ্ঞপ্তি দিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘এই সম্মাননায় ভূষিত হওয়ার মাধ্যমে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে রাষ্ট্রীয় পর্যায়ে গৌরবান্বিত করেছেন এবং এই অর্জন নারীদের জন্য এক অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।’

এর আগে বৃহস্পতিবার মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে এই সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়। মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা প্রধান অতিথি হিসেবে সম্মাননা স্মারক, চেক ও সনদ তুলে দেন।

জয়িতা সম্মাননা পাওয়ার অনুভূতি জানতে চাইলে ড. জেবউননেছা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এই সমাজে একজন নারীর জয়িতা হওয়ার জন্য পদে পদে ঠোকর খেতে হয়। যে নারী যত বেশি আঘাত সহ্য করতে পারবে, সে জয়িতা হতে পারবে।’

ড. জেবউননেছা ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক-প্রশাসন বিভাগ থেকে বিএসএস (সম্মান), এমএসএস ও এম. ফিল ডিগ্রি অর্জন করেন। পাশাপাশি তিনি ভারতের বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে পিএইচ-ডি ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি মালয়েশিয়ার পার্লিস বিশ্ববিদ্যালয়ে পোস্ট ডক্টরাল গবেষণা করছেন। শিক্ষকতার পাশাপাশি তিনি ১৩টি গ্রন্থ লিখেছেন। মুক্তিযুদ্ধ ও শিক্ষা-গবেষণায় অবদানের জন্য তিনি ১২টি সম্মাননা অর্জন করেন।

ড. জেবউননেছা নারায়ণগঞ্জ সদর থানায় কবি ও নাট্যকার মু. জালাল উদ্দিন নলুয়া এবং কবি গীতিকার লুৎফা জালালের একমাত্র কন্যা।