এখনই আবাসিক হল খোলার পক্ষে না রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে বিভাগ চাইলে স্নাতক চুড়ান্ত পরীক্ষা নিতে বিশ্ববিদালয় প্রশাসনের কোনও আপত্তি নেই বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান। হল খুলে স্নাতক চূড়ান্ত বর্ষের পরীক্ষা নেওয়ার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল সোমবার (১ ফেব্রুয়ারি ) দুপুরে উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করেন। এসময় উপাচার্য শিক্ষার্থীদের এসব কথা জানান।
উপাচার্য আরও বলেন, ‘এখন হল খুলে দিলে অন্য শিক্ষার্থীরাও এসে থাকতে শুরু করবে। সেটা আরও বিপদজনক হবে। এজন্য বিশ্ববিদ্যালয় খোলার আগে আমরা হল খুলবো না।’
প্রতিনিধি দলে সদস্য ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী মাহমুদ সাকী বলেন, ‘উপাচার্য আমাদের দাবিগুলো শুনেছেন। তিনি বলেছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন চায় না শিক্ষার্থীদের শিক্ষাজীবনের একটা দিন নষ্ট হোক। বিভাগ পরীক্ষা নিতে চাইলে প্রশাসনের আপত্তি নেই। তিনি আমাদেরকে সংশ্লিষ্ট বিভাগের সভাপতি ও শিক্ষকদের সঙ্গে কথা তাদের রাজী করাতে বলেন। বিশ্ববিদ্যালয় খোলার আগে হল খোলা হবে না বলেও জানিয়েছেন উপাচার্য।’
এ বিষয়ে জানতে উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহানকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। পরবর্তীতে ক্ষুদে বার্তা পাঠিয়েও তার সাড়া পাওয়া যায়নি। তবে উপাচার্যের উদ্ধৃতি দিয়ে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা আজিজুর রহমান বলেন, ‘বিভাগের একাডেমিক কমিটি যদি পরীক্ষা নিতে চায়, তবে বিশ্বদ্যিালয় প্রশাসনের পক্ষ থেকে কোনও আপত্তি থাকবে না।’ তবে হল খোলার বিষয়ে সিদ্ধান্ত হয়নি বলেও জানান জনসংযোগ দফতরের এ কর্মকর্তা।
প্রসঙ্গত, এর আগে ৩১ জানুয়ারি হল খুলে পরীক্ষা নেওয়াসহ তিন দফা দাবিতে রাবি প্রশাসনকে ৫ দিনের আল্টিমেটাম দেন বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থীরা।