আন্তর্জাতিক উৎসবে পুরস্কৃত জাবির ঋদ্ধ অনিন্দ্য

১৪তম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী ঋদ্ধ অনিন্দ্য গাঙ্গুলী। ‘তরুণ বাংলাদেশী নির্মাতা’ বিভাগে প্রথম পুরস্কার পেয়েছে ঋদ্ধের ‘মাটি’ চলচ্চিত্রটি।

এবারের উৎসবে ঢাকার মোট তিনটি ভেন্যুতে ৩৭টি দেশের ১৭৯টি শিশুতোষ চলচ্চিত্র প্রদর্শিত হয়েছে। তার মধ্যে ‘তরুণ বাংলাদেশী নির্মাতা’ বিভাগে মোট ৮১টি চলচ্চিত্র থেকে ঋদ্ধের ‘মাটি’ চলচ্চিত্রটি শ্রেষ্ঠ নির্বাচিত হয়।

পরিচালক ঋদ্ধ বাংলা ট্রিবিউনকে তার অনুভূতি ব্যক্ত করেন। তিনি বলেন, ‘আমি কখনোই ভাবিনি পুরস্কার পাবো। এত বড় একটা অনুষ্ঠানে আমার চলচ্চিত্রটা দেখানোই ছিল বড় একটা প্রাপ্তি। যখন আমার নাম ঘোষণা করা হয় তখন আমি হতভম্ব হয়ে গিয়েছিলাম। সত্যি বলতে খুবই ভালো লাগছে। সারাজীবনের লালিত স্বপ্ন এখন বাস্তবায়িত হয়েছে সেটার জন্য খুবই আনন্দিত আমি।’

সামনে চলচ্চিত্র নিয়ে কী পরিকল্পনা আছে জানতে চাইলে ঋদ্ধ বলেন, ‘অনেক আগে থেকেই ইচ্ছা মুক্তিযুদ্ধ নিয়ে কাজ করবো। মুক্তিযুদ্ধ নিয়ে এখন পর্যন্ত দুটো গল্প পেয়েছি। গল্পগুলো বেশ চ্যালেঞ্জিং। এই গল্প দুটোর মধ্যে বাছাই করার যে প্রক্রিয়া এখন সেটার মধ্য দিয়ে যাচ্ছি।’

১৪তম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবটি শুরু হয় ৩০ জানুয়ারি। সাত দিনব্যাপী এ উৎসবের শেষ দিন ছিল ৫ ফেব্রুয়ারি। সেদিনই সমাপনি অনুষ্ঠানে এই পুরস্কারের ঘোষণা দেওয়া হয়।

ঋদ্ধ অনিন্দ্য গাঙ্গুলী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের (৪৭তম ব্যাচ) শিক্ষার্থী। তিনি ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সাংস্কৃতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।