ভালোবাসা দিবসে রাবি ক্যাম্পাসে অনুষ্ঠান-জনসমাবেশে নিষেধাজ্ঞা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ভালোবাসা দিবস ও পয়লা ফাল্গুনে ক্যাম্পাসে সব ধরনের অনুষ্ঠান ও জনসমাবেশে নিষেধাজ্ঞা দিয়েছে প্রক্টরিয়াল বডি। আজ (১৪ ফেব্রুয়ারি) ক্যাম্পাসে বহিরাগতরা প্রবেশ করতে পারবেন না। এছাড়া শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়-সংশ্লিষ্ট ব্যক্তিদের সন্ধ্যার মধ্যে ক্যাম্পাস ত্যাগের নির্দেশনা দেওয়া হয়েছে।

শনিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. লুৎফর রহমান প্রক্টরিয়াল বডির এই সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন।

অধ্যাপক লুৎফর রহমান বলেন, ‘রবিবার ক্যাম্পাসে সকল ধরনের অনুষ্ঠান ও জনসমাবেশের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এদিন বহিরাগত কেউ ক্যাম্পাসে প্রবেশ করতে পারবেন না। তবে শিক্ষার্থীরা পরিচয়পত্র দেখিয়ে ক্যাম্পাসে ঢুকতে পারবেন। সন্ধ্যা সাড়ে ছয়টার মধ্যে সবাইকে ক্যাম্পাস ত্যাগ করতে হবে।’

তিনি আরও জানান, করোনা পরিস্থিতির কারণে ক্যাম্পাসে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। প্রক্টরিয়াল বডির সদস্যরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় অবস্থান করছেন। প্রয়োজনে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে।